নিজ সংবাদ ॥ “শিশুশ্রমকে লাল কার্ড দেখাই: শিশুর ন্যায্য অধিকার নিশ্চিত করি, প্রাপ্তবয়স্কদের জন্য উপযুক্ত কর্মসংস্থান গড়ি” প্রতিপাদ্য সামনে রেখে কুষ্টিয়ায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল সোমবার (১৫ জুন) বিকালে শহরের পাঁচ রাস্তার মোড়ে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করে সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), কুষ্টিয়া।
সনাক সভাপতি আসমা আনসারী মীরুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশে শিশুশ্রম নিরসনে বিভিন্ন নীতিগত অঙ্গীকার ও আন্তর্জাতিক প্রতিশ্রুতি থাকলেও এটি এখনও একটি গভীর সামাজিক সমস্যা হিসেবে রয়ে গেছে। বিশেষ করে বর্জ্য সংগ্রহ, পৃথকীকরণ ও পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতে অপ্রাতিষ্ঠানিক ব্যবস্থার ওপর নির্ভরশীলতার কারণে দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুরা ঝুঁকিপূর্ণ শ্রমে নিয়োজিত হচ্ছে। শিশুশ্রম নিরসনে জাতীয় কর্মপরিকল্পনা, আইন ও নীতি থাকলেও বাস্তবায়নের ঘাটতি, প্রাতিষ্ঠানিক সমন্বয়ের অভাব এবং দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর উদাসীনতার কারণে সমস্যাটি অব্যাহত রয়েছে।
এ সময়ে বক্তারা স্থানীয় সরকার বিভাগের অধীন সিটি করপোরেশন ও পৌরসভা, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যকর ভূমিকা নিশ্চিত করার দাবি জানান। বক্তারা আরো বলেন, বর্জ্য ব্যবস্থাপনা খাতে শিশুশ্রম নিরসনে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর ব্যর্থতা বা উদাসীনতা ‘লাল কার্ড’ পাওয়ার যোগ্য। শিশুশ্রমমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সব অংশীজনের সমন্বিত উদ্যোগ, জবাবদিহিতা ও কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
মানববন্ধনে শিশুশ্রম নিরসনে জাতীয় কর্মপরিকল্পনা দ্রুত হালনাগাদ করতে হবে, যেখানে বর্জ্য ব্যবস্থাপনা খাতে শিশুশ্রম নিরসনের সুনির্দিষ্ট পদক্ষেপ অন্তর্ভুক্ত থাকবে; পাশাপাশি এ খাতের শিশু শ্রমিকদের আর্থ-সামাজিক অবস্থা মূল্যায়ন সাপেক্ষে বিকল্প কর্মকৌশল প্রণয়ন ও বাস্তবায়ন করা, ইতিমধ্যে স্বাস্থ্যঝুঁকিতে পড়া শিশুদের স্বাস্থ্য সুরক্ষার কৌশল নির্ধারণে বর্জ্য ব্যবস্থাপনা খাতে শিশুশ্রমের সঠিক ও নির্ভরযোগ্য তথ্য-উপাত্ত সংগ্রহ ও প্রকাশ করা, বর্জ্য পুনঃপ্রক্রিয়াজাতকরণকে শিশুদের জন্য নিষিদ্ধ ঝুঁকিপূর্ণ কাজের তালিকায় যুক্ত করাসহ ১১টি সুপারিশ উপস্থাপন করা হয়।
সভাপতির বক্তব্যে আসমা আনসারী মীরু বলেন, কোন শিশুর শৈশব কেড়ে নেয়া আমাদের অধিকার না। প্রত্যেকটি শিশুর বেড়ে ওঠার অধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব। আমাদের খেয়াল রাখতে হবে প্রত্যেকটি শিশু যেন শিক্ষা লাভ ও নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে। বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রম অত্যন্ত ঝুঁকিপূর্ণ, এক্ষেত্রে সকল প্রকার ঝুঁকিপূর্ণ শিশুশ্রম বন্ধে প্রশাসনসহ স্ব স্ব প্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন এফপিএবি’র প্রতিনিধি আজিজুর হক, বিডি ক্লিন এর প্রতিনিধি তানভীন মাহমুদ, মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, সনাক সদস্য নজরুল ইসলাম, আক্তারী সুলতানা, কে.এম.তারিক ইবনে আমিন লিংকন, সুভাশীষ সাহা, মুজিবুর রহমান, টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মোঃ রায়হানুল ইসলামসহ রেড ক্রিস্টেন্ট সোসাইটি, বিডি ক্লিন, টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সার্পোট (ইয়েস) ও অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি), কুষ্টিয়ার সদস্যবৃন্দ। ইয়েস সদস্য শিল্পী সরকারের উপস্থাপনায় মানববন্ধনে টিআইবি’র ধারণাপত্র পাঠ করেন প্রিয়তা আক্তার।









