খোকসা প্রতিনিধি ॥ শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করতে কুষ্টিয়ার খোকসা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল শনিবার (২২ আগস্ট) খোকসা উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থীকে নগদ এক হাজার টাকা করে এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
একই সঙ্গে উপজেলার ৮৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খোকসা পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রিপন হোসেন। খোকসা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) খন্দকার শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. রিপন হোসেন বলেন, নতুন প্রজন্মকে সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ গড়বে। তাদের মেধা বিকাশে পরিবার, শিক্ষক ও সমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও দেশপ্রেমের চর্চার ওপর গুরুত্ব দিতে হবে। এ বিষয়ে শিক্ষক ও অভিভাবকদের আরও আন্তরিকভাবে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার পাশাপাশি তাদের হাতে শিক্ষাবৃত্তির অর্থ তুলে দেওয়া হয়। ৮৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করার উদ্যোগও নেওয়া হয়।









