খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২৮ই জুলাই ২০২৬, ৩:১ এএম

বিশেষ প্রতিনিধি ॥ খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের ধারাবাহিক চর্চার মাধ্যমে তরুণ ও যুবসমাজকে ইতিবাচক ও গঠনমূলক কাজে সম্পৃক্ত রাখা সম্ভব বলে মন্তব্য করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. এ. কে. এম. মতিনুর রহমান। গতকাল সোমবার (২৭ জুলাই) বিকেলে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে জেলা পরিষদ গোল্ডকাপ-২০২৬ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ দিনের খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপাচার্য বলেন, বর্তমান সময়ে এ ধরনের ক্রীড়া আয়োজন অত্যন্ত সময়োপযোগী। একসময় গ্রামবাংলার মাঠে-মাঠে ফুটবলের ব্যাপক প্রচলন থাকলেও প্রযুক্তিনির্ভর জীবনের কারণে সেই চর্চা অনেকটাই কমে গেছে।
এমন বাস্তবতায় ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন তরুণদের সুস্থ বিনোদন ও সামাজিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি আরও বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ কমে যাওয়ায় অনেক তরুণ মাদকাসক্তি, হতাশা ও বিভিন্ন সামাজিক অপরাধে জড়িয়ে পড়ছে। তাই নিয়মিত ক্রীড়া কার্যক্রম অব্যাহত রাখা গেলে যুবসমাজকে ইতিবাচক ধারায় সম্পৃক্ত করা সম্ভব হবে এবং তারা দেশ গঠনে কার্যকর ভূমিকা রাখতে পারবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। এ সময় জেলা পরিষদের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, বিভিন্ন দলের খেলোয়াড় এবং বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। উল্লেখ্য, জেলা পরিষদ, কুষ্টিয়ার উদ্যোগে আয়োজিত জেলা পরিষদ গোল্ডকাপ-২০২৬ টুর্নামেন্টে জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভার দল অংশগ্রহণ করছে।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য