বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে গতকাল রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, কুষ্টিয়া জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদ বিন-হাসান।
এতে উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারম্যান উপদেষ্টা সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমি, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। অনুষ্ঠানে সঞ্চালনা করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) এবং উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা (সদ্য পদন্নোতিপ্রাপ্ত উপসচিব) মিজানুর রহমান। এছাড়া পুলিশ সুপার আমিনুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. শওকত হোসেন ভূঁইয়া, কুষ্টিয়া প্রেসক্লাবের সদ্য সাবেক সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু প্রমূখ। স
ভায় এমপি বাচ্চু মোল্লা বলেন, কৃষিকাজ অব্যাহত রাখতে সরকারের কাছে পর্যাপ্ত সার মজুত রয়েছে। তবে কৃষকদের মধ্যে সারের সুষ্ঠু ও যথাযথ বিতরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়মিত মনিটরিং করতে হবে। এমপি ফরিদা ইয়াসমিন বলেন, কৃষকের প্রয়োজন অনুযায়ী সময়মতো সার সরবরাহ নিশ্চিত করা জরুরি। সারের বিতরণ ব্যবস্থায় কোনো ধরনের অনিয়ম বা কৃত্রিম সংকট যাতে সৃষ্টি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকতে হবে। জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির সরকার বলেন, কৃষকের কাছে সঠিক সময়ে মানসম্মত সার ও বীজ পৌঁছে দেওয়া আমাদের অন্যতম দায়িত্ব।
একই সঙ্গে সার ও বীজের কৃত্রিম সংকট, অবৈধ মজুত, অতিরিক্ত মূল্য আদায় এবং ভেজাল বা নিম্নমানের বীজের ব্যবহার রোধে নিয়মিত মনিটরিং ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। তিনি আরো বলেন, বাজারে সারের সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে এবং কোথাও কোনো অনিয়ম পরিলক্ষিত হলে দ্রুত ব্যবস্থা নিতে হবে। আমি বিশ্বাস করি, প্রশাসন, কৃষি বিভাগ, ডিলার, ব্যবসায়ী এবং কৃষকদের মধ্যে সমন্বয় আরও জোরদার করা গেলে কৃষি উপকরণের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব হবে। এর ফলে কৃষকের উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণে থাকবে, উৎপাদন বাড়বে এবং দেশের খাদ্য নিরাপত্তা আরও সুদৃঢ় হবে। আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং কৃষকের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সার ও বীজের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।
আমাদের মনে রাখতে হবে কৃষক বাঁচলে কৃষি বাঁচবে, আর কৃষি বাঁচলেই দেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তা শক্তিশালী হবে। এসময় জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান বলেন, বর্তমান সরকার কৃষকদের গুরুত্ব দিয়ে পর্যাপ্ত সার বরাদ্দ দিয়েছে। কৃষকদের কাছে যাতে নির্ধারিত মূল্যে সার পৌঁছে এবং কোনো ধরনের কৃত্রিম সংকট তৈরি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে। কৃষকদের সার নিয়ে কোনো সিন্ডিকেট কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কৃষকদের স্বার্থ রক্ষায় সার ও বীজের সরবরাহ, মজুত ও বিক্রয় কার্যক্রম নিয়মিত তদারকি করা হবে। বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং কৃষকরা যাতে কোনো ধরনের ভোগান্তির শিকার না হন, সে বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি। সভায় জানানো হয়, কুষ্টিয়ায় কোন সারের সংকট নেই। এদিকে সভায় জেলার বিসিআইসি ও বিএডিসি সার ডিলারসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত থেকে জেলাভিত্তিক সার ও বীজ ব্যবস্থাপনা সুষ্ঠু ও নির্বিঘ্ন রাখার লক্ষ্যে উপস্থিত অতিথিরা নিজ নিজ মতামত প্রকাশ করেন। এছাড়া জেলায় বিসিআইসি ও বিএডিসি ডিলার নিয়োগ নিয়ে আলোচনা করা হয়।









