কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া সীমান্তে ভারতীয় মাদক ও চোরাচালানি মালামাল জব্দ

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত মালামালের সর্বমোট আনুমানিক সিজার মূল্য ৯ লাখ ৬৫ হাজার ১০০ টাকা। বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তে চোরাচালান ও মাদকদ্রব্যের অনুপ্রবেশ প্রতিরোধে চলমান কার্যক্রমের অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পৃথক অভিযান পরিচালনা করা হয়।

১৪ আগস্ট বিকেল আনুমানিক সাড়ে ৪টার সময় রামকৃষ্ণপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৪ এমপি থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খেয়াঘাট নামক স্থানে অভিযান চালায় বিজিবির একটি টহল দল। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৩ হাজার ১২০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। জব্দকৃত এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৭১ হাজার ৬০০ টাকা। এদিকে, গতকাল শনিবার (১৫ আগস্ট) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে তেঁতুলবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৩৯/৭-এস থেকে প্রায় ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তেঁতুলবাড়ী মাঠ এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৯ বোতল মদ ও ২ হাজার ৬০০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করে বিজিবি। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৭ লাখ ৯৩ হাজার ৫০০ টাকা। বিজিবি জানিয়েছে, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং মাদকদ্রব্যের অনুপ্রবেশ রোধে সর্বদা সতর্ক ও দৃঢ়ভাবে দায়িত্ব পালন করছে। সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালের অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা, নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর