মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে আদম ব্যবসায়ী মো. জাফর আলীকে বাড়িতে না পেয়ে তার ১১ বছর বয়সী ছেলে মো. হুসাইন আলীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার (১৫ আগস্ট) সকালে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের কালিনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। স্থানীয় সূত্রের দাবি, জাফর আলীর বিরুদ্ধে লিবিয়া হয়ে ইতালিতে লোক পাঠানোর কথা বলে বিদেশগামীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে। ভুক্তভোগীদের কয়েকজনের অভিযোগ, বিদেশে পাঠানোর কথা বলে লিবিয়ায় অবস্থানরত তার সহযোগীরা কয়েকজনকে আটক করে তাদের পরিবারের কাছ থেকেও অর্থ আদায় করেছেন।
অভিযোগ রয়েছে, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পুলতাডাঙ্গা এলাকার এক ব্যক্তিকে লিবিয়ায় জাফর আলীর গ্রুপের সদস্যরা আটকে রেখে তার স্বজনদের কাছ থেকে কয়েক লাখ টাকা আদায় করেন। ওই ঘটনার জের ধরে শনিবার সকালে ওই ব্যক্তির আত্মীয়-স্বজনেরা কালিনাথপুরে জাফর আলীর বাড়িতে যান। সেখানে জাফর আলীকে না পেয়ে তার ১১ বছরের ছেলে হুসাইন আলীকে সঙ্গে করে নিয়ে যান। স্থানীয়দের আরও দাবি, জাফর আলীকে খুঁজতে দেশের বিভিন্ন এলাকা থেকে নিয়মিত লোকজন কালিনাথপুরে আসছেন। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে।
এদিকে শিশুটিকে তুলে নেওয়ার অভিযোগের বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এ বিষয়ে থানায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। স্থানীয়দের দাবি, ঘটনাটি দ্রুত তদন্ত করে শিশুটিকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে আনার পাশাপাশি জাফর আলীর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোও তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হোক।









