কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া শহরে বেওয়ারিশ কুকুরের কামড়ে আহত ৮

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া শহরের এনএস রোডের বক চত্বর এলাকায় বেওয়ারিশ কুকুরের হামলায় অন্তত আটজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যার আগে গড়াই নদীতে নৌকাবাইচ দেখে ফেরার পথে ভুক্তভোগীদের ওপর কুকুরটি হামলা চালায়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানান, নৌকাবাইচ দেখে বিভিন্ন স্থান থেকে মানুষ বাড়ি ফিরছিলেন। এ সময় কুষ্টিয়া শহরের এনএস রোডের বক চত্বর এলাকায় একটি বেওয়ারিশ কুকুর হঠাৎ পথচারীদের তাড়া করে।

একপর্যায়ে কুকুরটি একাধিক ব্যক্তিকে কামড়ে আহত করে। আহতদের মধ্যে সদর উপজেলার মোল্লাতেঘড়িয়ার রইস, খোর্দ আইলচারার আইনুদ্দিন, হরিপুরের চাঁদ আলী, আমলাপাড়ার শাহীন, মিলপাড়ার রহমান ও খোকসার সাব্বিরসহ আটজন রয়েছেন। আহতদের অনেকেই পরে নিজ উদ্যোগে কুষ্টিয়া সদর হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন। ভুক্তভোগী চাঁদ আলী বলেন, আমি কিছু বুঝে ওঠার আগেই আক্রমণ করে। আমার হাতে পায়ে মারাত্মকভাবে জখম করেছে।

স্থানীয়রা জানায়, শহরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে বেওয়ারিশ কুকুরের উৎপাত থাকলেও একসঙ্গে একাধিক ব্যক্তিকে কামড়ে আহত করার ঘটনায় নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। বিশেষ করে সন্ধ্যার পর পথচারীদের চলাচলে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। স্থানীয়দের দাবি, শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমপূর্ণ এলাকায় বেওয়ারিশ কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হোসেন জানান, কুকুরের কামড়ে আহত হয়ে কয়েকজন হাসপাতালে এসেছেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর