কুষ্টিয়া রিজার্ভ অফিস পরিদর্শনে পুলিশ সুপার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া রিজার্ভ অফিস পরিদর্শনে পুলিশ সুপার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ৫, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া জেলা পুলিশের রিজার্ভ অফিসে বার্ষিক পরিদর্শন সম্পন্ন করেছেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)। গতকাল সোমবার (৪ মে) সকাল ১০টায় তিনি এ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। পরিদর্শনের শুরুতেই রিজার্ভ অফিস, কুষ্টিয়ার পক্ষ থেকে এসআই (নিরস্ত্র) প্রকাশ ঘোষসহ অন্যান্য কর্মকর্তারা পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি রিজার্ভ অফিসের গুরুত্বপূর্ণ রেজিস্টারপত্রসমূহ পর্যালোচনা করেন এবং অফিসের সার্বিক প্রশাসনিক ও কার্যক্রমগত অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

এ সময় পুলিশ সুপার অফিসার ও ফোর্সদের দৈনন্দিন দায়িত্ব পালনের বিভিন্ন দিক নিয়ে খোঁজখবর নেন এবং কর্মদক্ষতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন আরআরআই পুলিশ লাইন্স, কুষ্টিয়া এবং ডি-স্টোর, সি-স্টোর, অস্ত্রাগার ও পুলিশ হাসপাতালে কর্মরত সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সবৃন্দ। সংশ্লিষ্টরা জানান, এ ধরনের বার্ষিক পরিদর্শনের মাধ্যমে পুলিশ সদস্যদের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পায়, যা সামগ্রিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সহায়ক ভূমিকা রাখে।