কুষ্টিয়া জেলা পরিষদে অসহায় মানুষকে আর্থিক অনুদান প্রদান - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া জেলা পরিষদে অসহায় মানুষকে আর্থিক অনুদান প্রদান

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ৮, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া জেলা পরিষদে অসহায় মানুষের চিকিৎসা ও শিক্ষার জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়ছে। অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসা, শিক্ষার সহায়তায় আর্থিক অনুদান প্রদান ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে বিভিন্ন সামাজিক ও সমাজসেবামূলক প্রতিষ্ঠানকেও অনুদান দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার (৭ মে) দুপুর ২টার দিকে কুষ্টিয়া জেলা পরিষদ কার্যালয়ে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।

ভুক্তভোগীদের হাতে চেক তুলে দেন জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। চেক বিতরণের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারঃ) পলাশ মন্ডলসহ কর্মকর্তা-কর্মচারী ও সুশীল সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় বীর মুক্তিযোদ্ধা সোহরাব উদ্দিন বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব।

চিকিৎসা ও শিক্ষার মতো মৌলিক প্রয়োজন পূরণে জেলা পরিষদ সবসময় সহযোগিতামূলক ভূমিকা পালন করে যাচ্ছে। তিনি আরো বলেন, আমাদের দেশনায়ক বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়নের পাশাপাশি কুষ্টিয়ার উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা দেশমাতা বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহনের পর দেশের উন্নয়নে কাজ করে চলেছেন। বিএনপি যতবার ক্ষমতায় এসেছে দেশের উন্নয়ন হয়েছে। জনগণের কল্যাণে বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান দিনরাত পরিশ্রম করছেন। আগামী দিনে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

তবে সরকারের পাশাপাশি সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সহযোগিতায় সামাজিক সংগঠনগুলোর মানবিক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুদানপ্রাপ্ত ব্যক্তিরা জানান, এই সহায়তা তাদের চিকিৎসা ব্যয় ও শিক্ষার খরচ বহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা জেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।