ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামাড়ায় কুষ্টিয়া-পাবনা মহাসড়কে অভিযান চালিয়ে ৪০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে চৌড়হাস হাইওয়ে থানা পুলিশ। এ ঘটনায় পলিথিন বহনের দায়ে এক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৭ মে) বিকেল ৪টার দিকে ভেড়ামাড়া থানাধীন বারদাগ ভেলকিরপুল এলাকায় কুষ্টিয়া-পাবনা (এন-৭০৪) মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, চৌড়হাস হাইওয়ে থানার এসআই (নিঃ) মো. রইচ উদ্দিনের নেতৃত্বে মহাসড়কে মোবাইল ডিউটির সময় পাবনা থেকে কুষ্টিয়াগামী একটি সিএনজিকে থামানোর সংকেত দেওয়া হয়। তবে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে সিএনজিটি আটক করে। পরে তল্লাশি চালিয়ে সিএনজির ভেতরে থাকা ২০টি বস্তা থেকে প্রায় ৪০০ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ উদ্ধার করা হয়।
এ সময় যাত্রীবেশে থাকা পলিথিনের মালিক সঞ্জয় কুন্ডু (৪৫)কে আটক করা হয়। তিনি কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুর এলাকার স্বপন কুন্ডুর ছেলে। ঘটনার বিষয়ে চৌড়হাস হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. আবু ওবায়েদকে অবহিত করা হলে তাঁর নির্দেশনায় ভেড়ামারা উপজেলা প্রশাসনকে জানানো হয়। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভেড়ামাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার।
ভ্রাম্যমাণ আদালতে অভিযুক্ত সঞ্জয় কুন্ডু অপরাধ স্বীকার করলে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬ক ধারায় তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে জব্দ করা নিষিদ্ধ পলিথিন ধ্বংস করা হয়। পুলিশ জানিয়েছে, পরিবেশের জন্য ক্ষতিকর নিষিদ্ধ পলিথিনের উৎপাদন, পরিবহন ও বাজারজাতকরণের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
