বিশেষ প্রতিনিধি ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক আরিফুর রহমান সুমনকে হত্যাচেষ্টার প্রতিবাদে মিরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে জেলার মিরপুর উপজেলা ও পৌর কৃষকদলের আয়োজনে মিরপুর বাজার এলাকায় এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কুষ্টিয়া জেলা কৃষকদলের আহবায়ক আরিফুর রহমান সুমনকে ফ্যাসিস্ট হাসিনার দোসর আওয়ামী সুবিধা ভোগকারী সিহাব উদ্দিন কর্তৃক হত্যা চেষ্টার প্রতিবাদ সম্বলিত ব্যানারে মানববন্ধন কর্মসূচিতে দলটির নেতাকর্মীরা অংশ নেন।
এতে সভাপতিত্ব করেন মিরপুর উপজেলা কৃষকদলের সদস্য সচিব আব্দুল খালেক। সার্বিক সঞ্চালনা করেন মিরপুর পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক রকিব খান। এতে সম্মানিত অতিথি ছিলেন, পৌর কৃষকদলের সভাপতি তাসির আহমেদ। এছাড়া দলীয় অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় পৌর কৃষকদলের সভাপতি তাসির আহমেদ বলেন, জেলা কৃষকদলের আহবায়ক আরিফুর রহমান সুমন বৃটিশ আমেরিকান ট্যোবাকোতে শ্রমিক তথা লেবার দেওয়া নেওয়ার কাজ করেন।
প্রতিদিনের মতো গত ০৪ এপ্রিল কাজের গতি দেখতে সকালে সাড়ে ৭টার দিকে বৃটিশ আমেরিকান টোব্যাকোতে যান। কিন্তু একটি পর্যায়ে সকাল ১১টার দিকে কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক সোহরাব উদ্দিনের ভাই এস বি সুপার ডিলাক্সের মালিক সিহাব উদ্দিন সেখানে প্রবেশ করেন। তিনি আরো বলেন, আমরা জানতে পেরেছি সিহাব উদ্দিন জেলা কৃষকদলের আহবায়ক আরিফুর রহমান সুমনকে হত্যার হুমকি দেন। কিন্তু বিগত দিনে সিহাব উদ্দিন ফ্যাসিস্ট সরকার আমলে কুষ্টিয়ার এমপি হানিফ ও তার ভাই আতার সাথে আতাত করে সারা কুষ্টিয়াতে ব্যবসা বানিজ্য করেছেন।
কিন্তু যারা দীর্ঘ ১৭ বছর নির্যাতিত হয়েছে তারা কোন কাজ করতে পারে নাই। সেই সাথে কৃষকদলের নেতা সুমন সরকারও হামলা মামলার স্বিকার হয়ে পালিয়ে বেরিয়েছেন। আমরা বলতে চাই, কাজ করার সকলের অধিকার আছে। তাই এখানে কাউকে হত্যা চেষ্টার প্রশ্ন আসে না। মিরপুরে মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা জানান, ঘটনার পরে দেখেছি সিহাব উদ্দিন একটি বিবৃতি প্রকাশ করেছে।
বিবৃতিতে সিহাব উদ্দিন বলেছেন, সুমন সরকার তার প্রতিষ্ঠানে অনধিকারভাবে প্রবেশ করে শ্রমিকদের প্রভাবিত করার পাশাপাশি নিজেকে ভেন্ডর হিসেবে প্রতিষ্ঠিত করার অপচেষ্টা চালাচ্ছেন। সেখানে কাউকে অস্ত্র দেখানো বা হুমকি দেওয়ার মতো ঘটনা ঘটেনি। যা কিছু বলা হয়েছে সবই ভিত্তিহীন। ঘটনার বিষয়ে তদন্তের দাবি জানান তারা। এদিকে মিরপুর উপজেলা কৃষকদলের সদস্য সচিব আব্দুল খালেক বলেন, আমরাও আইনের প্রতি শ্রদ্ধাশীল, তাই সেদিনের ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে দ্রুত এর ব্যবস্থা নেওয়ার আহব্বান জানান তিনি।
