বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া কোর্ট রেলওয়ে স্টেশনের জরাজীর্ণ অবস্থা নিরসন, প্ল্যাটফর্মের উচ্চতা বৃদ্ধি এবং বর্ধিতকরণের দাবিতে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় সাধারণ মানুষ ও রেলযাত্রীরা। গতকাল সোমবার (১১ মে) সকাল সাড়ে ১০টার সময় কুষ্টিয়া কোর্ট স্টেশন চত্বরে ‘কুষ্টিয়া রেলযাত্রী অধিকার পরিষদ’-এর ব্যানারে এক বিশাল মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কুষ্টিয়া কোর্ট স্টেশনের প্ল্যাটফর্মটি অত্যন্ত নিচু হওয়ায় বয়স্ক, নারী ও শিশুদের ট্রেনে উঠতে চরম বেগ পেতে হচ্ছে। অনেক সময় মালপত্র নিয়ে ট্রেনে উঠতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন যাত্রীরা। এছাড়া স্টেশনের বর্তমান প্ল্যাটফর্মটি প্রয়োজনের তুলনায় অনেক ছোট। একটি ট্রেনের মাত্র ৩টি কোচ প্ল্যাটফর্মে দাঁড়াতে পারে, বাকি ৪-৫টি কোচ প্ল্যাটফর্মের বাইরে থাকে। ফলে যাত্রীদের জীবনের ঝুঁকি নিয়ে নিচু মাটি থেকে ট্রেনে উঠতে ও নামতে হয়।
আন্দোলনকারীরা বিভিন্ন দাবি তুলে বলেন, ট্রেনের মেঝের সাথে সামঞ্জস্য রেখে প্ল্যাটফর্ম উঁচু করতে হবে। ট্রেনের সবকটি কোচ যেন প্ল্যাটফর্মের আওতায় থাকে সে ব্যবস্থা করা। রেললাইনের দুই পাশেই প্ল্যাটফর্ম নির্মাণ করা যাতে যাত্রীরা স্বল্প সময়ে ওঠানামা করতে পারে এবং স্টেশনের যানজট নিরসন হয় এবং ইতিমধ্যে হওয়া সংস্কার কাজের টেন্ডার দ্রুত বাস্তবায়ন করতে হবে।
মানববন্ধনের বক্তব্য রাখেন, কুষ্টিয়া রেলযাত্রী অধিকার পরিষদের সভাপতি আশরাফুল ইসলাম, সহসভাপতি শাহিনুর রহমান, যুগ্ন সাধারন সম্পাদক আলভি খান চৌধুরী, বিশিষ্ট লেখক আলী মুজাহিদ, এনসিপির কেন্দ্রীয় সদস্য শোয়েব হাসান রায়ান, রেলযাত্রী মোঃ আনিচুর রহমান, ছাত্র প্রতিনিধি সজিব আলী প্রমুখ।
মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে কুষ্টিয়া রেলযাত্রী অধিকার পরিষদের প্রতিনিধিরা বলেন, “কুষ্টিয়া কোর্ট স্টেশন এই অঞ্চলের মানুষের যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম। কিন্তু দীর্ঘদিন ধরে এর আধুনিকায়ন না হওয়ায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে আছে। আমরা রেল কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি, দ্রুততম সময়ের মধ্যে সংস্কার কাজ শুরু করা হোক। অন্যথায় আরও কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে।” বক্তারা আরও জানান, ট্রাফিক জ্যাম কমানো এবং যাত্রী সেবা নিশ্চিত করতে রেললাইনের দুই পাশে প্ল্যাটফর্ম নির্মাণ করা এখন সময়ের দাবি।
তারা আশা প্রকাশ করেন, রেল মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জনগণের এই ন্যায্য দাবি মেনে নিয়ে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন। উক্ত কর্মসূচিতে কুষ্টিয়া জেলার সর্বস্তরের সাধারণ মানুষ, ব্যবসায়ী এবং নিয়মিত রেলযাত্রীরা অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।
