বিশেষ প্রতিনিধি ॥ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কুষ্টিয়ায় অসহায় ও দুস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করেছে হিন্দু সৎকার সংস্থা।
গতকাল শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া বড়বাজার সার্বজনীন পূজা মন্দির প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হিন্দু সৎকার সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি প্রশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক বাবু বিশ্বনাথ সাহা বিশু,দৈনিক মুক্তমঞ্চ পত্রিকার সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির (বিএমজেপি) কেন্দ্রীয় কমিটির সহসভাপতি তরুণ কুমার ঘোষ,যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা চন্দন স্যান্যাল প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন, গীতা পাঠ ও প্রদীপ প্রজ্বালন করা হয়। পরে অতিথিরা উপস্থিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শারদীয় দুর্গোৎসব আনন্দ, সম্প্রীতি ও মানবতার উৎসব। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়া এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোই হোক দুর্গোৎসবের মূল শিক্ষা।
তাঁরা আরও বলেন, সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সহমর্মিতা জোরদার করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। উৎসবের আনন্দ যেন সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে যায়, সে লক্ষ্যে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখা প্রয়োজন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হিন্দু সৎকার সংস্থার সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র ঘোষ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থাটির মুখপাত্র নিখিল রায় চৌধুরী। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।









