খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১৮ই জুন ২০২৬, ৩:১১ এএম

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের পূর্ব মজমপুর এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা, মারধর ও মূল্যবান সরঞ্জাম ছিনতাইয়ের ঘটনায় প্রধান দুই আসামিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আহত সাংবাদিক মো. ইমরান হোসেন বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করেছেন। হামলায় এক সাংবাদিক গুরুতর আহত হয়ে বর্তমানে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ সময় হামলাকারীরা সাংবাদিকদের ব্যবহৃত ক্যামেরা, মোবাইল ফোনসহ নগদ ৯৯৩২ টাকা ছিনিয়ে নিয়েছে। সর্বমোট ১ লক্ষ ৮৪ হাজার ৯৩২ টাকার মালামাল ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল বুধবার (১৭ জুন) দুপুর ২টা ৫০ মিনিটের দিকে মফিজ উদ্দিন বিশ্বাস লেনের ‘তেঁতুল তলা’ নামক স্থানে এই হামলার ঘটনা ঘটে। আহত সাংবাদিকরা হলেন দৈনিক খবরওয়ালা পত্রিকার ভিডিও সাংবাদিক মোঃ ইমরান হোসেন এবং একই পত্রিকার বিশেষ প্রতিনিধি মোঃ রঞ্জুউর রহমান। এদের মধ্যে মোঃ ইমরান হোসেনের মাথায় গুরুতর জখম হওয়ায় তিনি বর্তমানে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ১০ নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, কুষ্টিয়া পৌরসভার ১৮ নং ওয়ার্ডে মোঃ রেজা চৌধুরীর বাড়ির প্রাচীর নির্মাণের অনিয়ম সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে যান সাংবাদিক ইমরান ও রঞ্জুউর।
এ সময় মোঃ রেজা চৌধুরী ও মোঃ সেলিম চৌধুরীসহ আরো ১০-১২ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র (কোদাল, জিআই পাইপ, রড কাটার, হাতুড়ি ও লোহার রড) নিয়ে তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় সাংবাদিক ইমরান হোসেনের মাথা গুরুতর জখম হয় এবং প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। হামলাকারীরা সাংবাদিক রঞ্জুউর রহমানকে কিল-ঘুষি মেরে আহত করে এবং অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দেয়। ভুক্তভোগী আহত ওই সাংবাদিকরা জানান, হামলার সময় সন্ত্রাসীরা তাঁদের পেশাগত কাজে ব্যবহৃত প্যানাসনিক পিভি-১০০ মডেলের একটি ক্যামেরা (মূল্য ১,২০,০০০ টাকা), স্যামসাং এ-১৩ ও ইনফিনিক্স-১২ মডেলের দুটি স্মার্টফোন (মূল্য ৩৯,৫০০ টাকা), একটি বয়া মাইক্রোফোন (মূল্য ১৫,৫০০ টাকা) এবং নগদ ৯,৯৩২ টাকাসহ সর্বমোট ১,৮৪,৯৩২ টাকার মালামাল ছিনিয়ে নেয়। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিকরা প্রাণভয়ে ঘটনাস্থল থেকে কোনোমতে পালিয়ে আত্মরক্ষা করেন।
বর্তমানে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্যবহৃত ওই সড়কটি অবৈধভাবে ভবন নির্মাণের ফলে সংকুচিত হয়ে পড়েছে। ফলে পথচারী ও জরুরি সেবার যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। এ বিষয়ে এলাকাবাসী পৌর প্রশাসকের কাছে লিখিত অভিযোগও দিয়েছেন।
পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর এমন ন্যক্কারজনক হামলার ঘটনায় কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার আল মামুন সাগর, সাবেক সাধারন সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন, ইবি থানা প্রেসক্লাবের সাধারন সম্পাদক শাহারিয়া ইমন রুবেল, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ, দৈনিক খবরওয়ালা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মুন্সি শাহীন আহমেদ জুয়েলসহ কুষ্টিয়ার সাংবাদিক মহলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং প্রকৃত ঘটনা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, আহত সাংবাদিক মো. ইমরান হোসেন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার পরপরই পুলিশ অভিযান শুরু করে এবং ঘটনায় অভিযুক্ত প্রধান দুই আসামিকে ইতোমধ্যে আটক করা হয়েছে।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য