নিজ সংবাদ ।। আন্তর্জাতিক শ্রমিক অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানে কুষ্টিয়ায় যথাযোগ্য মর্যাদায় ‘মহান মে দিবস’ এবং ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস’ পালিত হয়েছে। কুষ্টিয়া জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে র্যালি ও আলোচনা সভাসহ দিনব্যাপী নানামুখী কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
শুক্রবার (১ মে) সকালে কুষ্টিয়া জেলা কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য ‘শ্রমিক শোভাযাত্রা’ বা র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন কলকারখানার শ্রমিক, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সরকারি কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এসময় শ্রমিকদের হাতে মে দিবসের তাৎপর্য এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা সংক্রান্ত সচেতনতামূলক ব্যানার ও প্লাকার্ড দেখা যায়। র্যালি পরবর্তী কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক বিশেষ ‘আলোচনা সভা’ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়ার স্থানীয় সরকারের উপপরিচালক(উপসচিব) আহমেদ মাহবুব-উল-ইসলাম। সভায় বক্তব্য রাখেন, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার, কুষ্টিয়া কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক ফরহাদ ওহাব,
কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক মোঃ কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার প্রমুখ। সভায় বক্তারা তাদের বক্তব্যে শ্রমিকের ন্যায্য মজুরি, কর্মঘণ্টা এবং আন্তর্জাতিক শ্রম আইন অনুযায়ী অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, “শ্রমিকরা হলো উন্নয়নের মূল চালিকাশক্তি। ২০২৬ সালের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের লক্ষ্য কেবল উৎপাদন বৃদ্ধি নয়, বরং শ্রমিকের পেশাগত স্বাস্থ্য সুরক্ষা এবং কর্মক্ষেত্রে শতভাগ সেফটি নিশ্চিত করা। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এ লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে।” সভায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ কুষ্টিয়ার শিল্পাঞ্চলগুলোতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে মালিক ও শ্রমিক উভয় পক্ষকে সচেতন হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ প্রশাসনের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক শ্রমিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, প্রতি বছরের ন্যায় এবারও কুষ্টিয়ায় অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে মে দিবস পালিত হয়েছে, যা স্থানীয় শ্রমিক সমাজের মধ্যে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে।









