কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

মোঃ ফয়সাল ॥ কুষ্টিয়ায় একদল তরুণের উদ্যোগে শুরু হয়েছে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি। পরিবেশের ভারসাম্য রক্ষা ও নগরীর সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে পুরো নভেম্বরজুড়ে কুষ্টিয়া শহরসহ আশপাশের বিভিন্ন এলাকায় সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে এ কর্মসূচি পরিচালিত হবে।

 

গতকাল রোববার (১ নভেম্বর) বিকেল ৪টায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

 

কর্মসূচি সম্পর্কে সামাজিক স্বেচ্ছাসেবক ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুষ্টিয়া সদর উপজেলা শাখার যুগ্ম সদস্য সচিব লিমন আহমেদ বলেন, “ভালো কাজের জন্য গুটিকয়েক ভালো যুবকই যথেষ্ট। তরুণদের সঙ্গে নিয়ে বেশি বেশি ইতিবাচক ও সামাজিক কর্মকাণ্ডের আয়োজন করতে হবে। এতে তরুণরা যেমন সমাজের প্রতি দায়িত্বশীল হয়ে উঠবে, তেমনি বিপথগামী হওয়ার প্রবণতা থেকেও দূরে থাকবে।”

 

নভেম্বরজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচির প্রধান পরিকল্পনাকারী মো. সোলাইমান হোসেন (অন্তর) বলেন, “গাছ আমাদের অক্সিজেন সরবরাহের পাশাপাশি পাখিসহ বিভিন্ন প্রাণীর আবাসস্থল ও খাদ্যের উৎস হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের সৌন্দর্য যেমন বৃদ্ধি পাবে, তেমনি বিভিন্ন প্রজাতির পাখির আনাগোনায় এলাকাগুলো হয়ে উঠবে আরও প্রাণবন্ত। পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।”

 

কর্মসূচির আওতায় কৃষ্ণচূড়া, জারুল, শীত কাঞ্চন, আমলকি, বহেরা, কাঁঠাল, জাম, ইউক্যালিপটাস ও মেহগনিসহ বিভিন্ন প্রজাতির ফলজ, ঔষধি ও বনজ গাছ রোপণ করা হচ্ছে।

 

তরুণদের এ স্বেচ্ছাসেবামূলক উদ্যোগে আরও অংশগ্রহণ করছেন কে এম ইসতি, আফরিদ (ওহী), আকাশ, আবির মাহমুদ, মাহফুজ, আশিকসহ স্থানীয় আরও অনেকে।

 

পরিবেশ সংরক্ষণের পাশাপাশি তরুণদের সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার এ উদ্যোগ কুষ্টিয়ায় বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর