কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে মাদকসহ আটক ৩, মোবাইল কোর্টে কারাদন্ড - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে মাদকসহ আটক ৩, মোবাইল কোর্টে কারাদন্ড

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ১১, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় পৃথক মাদকবিরোধী অভিযানে ২০০ গ্রাম গাঁজা ও ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এর মধ্যে একজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং বাকি দুইজনকে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল ‎রবিবার (১০ এপ্রিল) জেলার কুষ্টিয়া সদর ও কুমারখালী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুষ্টিয়া।

অধিদপ্তর সূত্রে জানা যায়, কুমারখালী থানাধীন নন্দলালপুর এলাকায় অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজাসহ মোঃ আরিফ (৩৯) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। তিনি কুমারখালী উপজেলার আলাউদ্দিন নগর, চকরঘুয়া এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কুমারখালী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে কুষ্টিয়া সদর উপজেলার আড়ুয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ আব্দুল্লাহ আল ইমন (২০) নামের এক যুবককে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে সাজা প্রদান করা হয়। এছাড়া একই দিনে কুষ্টিয়া সদর উপজেলার টালিপাড়া এলাকায় পৃথক আরেকটি অভিযানে ১০ পিস ইয়াবাসহ মোঃ আবু বকর সিদ্দিক (৩০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি টালিপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের “খ” সার্কেলের উপপরিদর্শক মোঃ ইকবাল হোসেনের প্রসিকিউশনে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাকিউল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক দুই আসামিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অভিযানে নেতৃত্ব দেন পরিদর্শক মোঃ আবুল কালাম আজাদ, উপপরিদর্শক মোঃ রাসেল কবীরসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।