বিশেষ প্রতিনিধি ॥ বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে কুষ্টিয়ায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া ডায়াবেটিক সমিতি এবং মজিবুর রহমান মেমোরিয়াল ডায়াবেটিক হসপিটাল-কুষ্টিয়ার যৌথ উদ্যোগে গতকাল শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় এই কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির সভাপতি মতিউর রহমান লাট্টু।
আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা বিএনপি’র আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন হৃদরোগ বিশেষজ্ঞ ও ড্যাব কুষ্টিয়া শাখার সভাপতি ডা. নাসিমুল বারী বাপ্পী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ও সার্জন অধ্যাপক ডা. এস.আর. খান (এফআরসিএস)।
সভায় স্বাগত বক্তব্য রাখেন কুষ্টিয়া ডায়াবেটিক সমিতি’র সাধারণ সম্পাদক মো. মোশফিকুর রহমান টগর।
অনুষ্ঠানের শুরুতে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে শুভ উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতি’র সভাপতি জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান।
বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন-কেইউজে’র সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, সাংবাদিক জুবায়ের রিপন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ডায়াবেটিস এমন একটি রোগ, যা নীরবে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে-যেমন কিডনি, চোখ, হৃদপিণ্ড এবং স্নায়ুতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে। অথচ একটু সচেতন হলে এবং জীবনযাত্রায় সামান্য পরিবর্তন আনলে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশেই কমানো সম্ভব। নিয়মিত শারীরিক পরিশ্রম, সুষম খাবার খাওয়া, ফাস্টফুড ও অতিরিক্ত চিনিযুক্ত পানীয় বর্জন এবং নিয়মিত রক্তের শর্করা পরীক্ষা করা এর প্রধান প্রতিকার। ডায়াবেটিস প্রতিরোধের জন্য শুধু ব্যক্তিগত সচেতনতাই যথেষ্ট নয়, প্রয়োজন একটি সামাজিক আন্দোলন।
আমাদের স্কুল, কলেজ, কর্মক্ষেত্র এবং প্রতিটি পরিবারে সুস্বাস্থ্য ও পুষ্টি সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে হবে। যাদের ডায়াবেটিস ইতোমধ্যে ধরা পড়েছে, তাদের হতাশ না হয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জীবনযাপন ও নিয়মিত ওষুধ সেবন করতে হবে। মনে রাখবেন, ডায়াবেটিস পুরোপুরি নিরাময়যোগ্য না হলেও সঠিক নিয়ন্ত্রণে রেখে একটি সুস্থ, সুন্দর ও দীর্ঘ জীবনযাপন করা সম্ভব।
আজকের এই দিনে আসুন আমরা প্রতিজ্ঞা করি-আমরা নিজেরা সচেতন হব, পরিবার ও সমাজকে সচেতন করব এবং একটি ডায়াবেটিসমুক্ত ও সুস্থ প্রজন্ম গড়ে তুলতে একসঙ্গে কাজ করব।
‘ডায়াবেটিস জানি না, ব্যবস্থা নিন এখনই’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই সভায় ডায়াবেটিস রোগ প্রতিরোধ ও সচেতনতা বাড়ানোর ওপর বিশেষ জোর দেয়া হয়।









