বিশেষ প্রতিনিধি ॥ সুরের ভুবনে দীর্ঘ পথচলা, অসংখ্য শিক্ষার্থীর হাতে সংগীতের প্রথম পাঠ তুলে দেওয়া আর সাংস্কৃতিক অঙ্গনে নিবেদিত প্রাণের এক নাম কোহিনূর খানম। কুষ্টিয়ার বিশিষ্ট এই সংগীতশিল্পী ও সংগীত প্রশিক্ষক আর নেই। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কুষ্টিয়ার সাংস্কৃতিক অঙ্গনে।
গতকাল শনিবার (১৪ নভেম্বর) সকালে শেষবারের মতো প্রিয় শিল্পীকে শ্রদ্ধা জানাতে ভিড় করেন স্বজন, সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা। সকাল ৯টায় শহরের হাউজিং বাজার মসজিদ প্রাঙ্গণে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে সকাল ১০টায় কুষ্টিয়া পৌর গোরস্থানে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে দাফন করা হয়।
মায়ের বিদায়ে আবেগাপ্লুত একমাত্র কন্যা সুমাইয়া খানম ইভা সবার কাছে তাঁর মায়ের আত্মার মাগফিরাত কামনায় দোয়া চান। তিনি বলেন, “আমার মা শুধু আমার মা বলে জানেনি। সারা বাংলাদেশের যত ছাত্রছাত্রী, সবাই তাঁকে মা বলে জানে। আর তিনি সবাইকে নিজের সন্তান বলতেন। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন।”
কোহিনূর খানমের মৃত্যুতে কুষ্টিয়ার সাংস্কৃতিক অঙ্গনের সহকর্মী ও শুভানুধ্যায়ীরা গভীর শোক প্রকাশ করেন। তাঁদের স্মৃতিচারণায় উঠে আসে তাঁর হাসিমুখ, অমায়িক আচরণ, গুরু-শিষ্য পরম্পরার প্রতি শ্রদ্ধা এবং সংগীতের প্রতি নিবেদিত জীবনের কথা।
একজন সাংস্কৃতিক কর্মী বলেন, কোহিনূর খানম মানেই কুষ্টিয়ার সাংস্কৃতিক ও সংগীতাঙ্গনের একটি পরিচিত মুখ। দীর্ঘদিন ধরে তিনি অসংখ্য শিক্ষার্থীকে সংগীতের দীক্ষা দিয়ে কুষ্টিয়ার সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করেছেন। তাঁর মতো মানুষের চলে যাওয়া অপূরণীয় ক্ষতি।
দীর্ঘদিনের কর্মস্থল কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমি প্রাঙ্গণেও তাঁর মরদেহ নেওয়া হয়। সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানান সহকর্মী ও শিক্ষার্থীরা। যে প্রাঙ্গণে কেটেছে তাঁর সংগীতচর্চা ও শিক্ষাদানের দীর্ঘ সময়, সেখানেই শেষবারের মতো তাঁকে বিদায় জানান প্রিয়জনেরা।
তাঁর কাছে সংগীত শিখেছেন এমন শিক্ষার্থীরা স্মরণ করেন প্রিয় শিক্ষিকার স্নেহ, শিক্ষা ও অনুপ্রেরণার কথা। কেউ বলেন, তাঁর কাছে সারগাম ও গীত শিখেছেন; কেউ স্মরণ করেন শিশুদের প্রতি তাঁর মমতা ও আদরের কথা। সহকর্মীদের ভাষায়, তিনি ছিলেন ভালোবাসা দিয়ে মানুষকে আপন করে নেওয়া এক মানুষ।
একজন শিল্পীর প্রকৃত প্রাপ্তি তাঁর সৃষ্টিতে, তাঁর হাতে গড়ে ওঠা শিক্ষার্থীদের এগিয়ে চলায় এবং মানুষের হৃদয়ে রেখে যাওয়া ভালোবাসায়। কোহিনূর খানমও কুষ্টিয়ার সংগীতাঙ্গনে রেখে গেলেন তেমনই এক স্মৃতিময় অধ্যায়।









