কুষ্টিয়ায় পৃথক মাদকবিরোধী অভিযানে আটক তিন, কারাদন্ড ও অর্থদন্ড - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় পৃথক মাদকবিরোধী অভিযানে আটক তিন, কারাদন্ড ও অর্থদন্ড

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ১৫, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (১৪ মে) সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলার রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালায় অধিদপ্তরের “খ” সার্কেল কুষ্টিয়া।

এসময় ১০০ গ্রাম গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়। আটকরা হলেন, মিরপুর উপজেলার সুলতানপুর এলাকার মোঃ নুরুজ্জামান (৩৬) এবং কুষ্টিয়ার নওয়াপাড়া এলাকার মোঃ আওয়াল (৬০)। অভিযানে নেতৃত্ব দেন পরিদর্শক খবির আহমেদ ও উপপরিদর্শক মোঃ আসিফুজ্জামান। পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঈসিকা আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উভয় আসামিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।

অন্যদিকে একই দিনে কুষ্টিয়া সদর উপজেলার কমলাপুর এলাকায় পৃথক আরেকটি অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ লিংকন জোবায়ের ইমন (২০) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাকিউল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ ঘটনায় পরিদর্শক মোঃ আবুল কালাম আজাদ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আসামিকে সাজা প্রদান করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, কুষ্টিয়াজুড়ে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।