কুষ্টিয়ায় পৃথক অভিযানে মাদক উদ্ধার, গ্রেফতার পাঁচ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় পৃথক অভিযানে মাদক উদ্ধার, গ্রেফতার পাঁচ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ১২, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় মাদকবিরোধী পৃথক অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ পাঁচজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এর মধ্যে চারজনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল সোমবার (১১ মে ২০২৬) জেলার দৌলতপুর ও কুমারখালী উপজেলায় এসব অভিযান পরিচালিত হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের “খ” সার্কেল কুষ্টিয়া সূত্রে জানা যায়, দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি হায়দার শাহ মাজার এলাকায় পরিচালিত অভিযানে ৩০০ গ্রাম গাঁজাসহ চারজনকে আটক করা হয়।

আটকরা হলেন— খান সাহেব (৩৮), সারি কুল (২৫), আনসার আলী (৬৫) ও আরিফুল বিশ্বাস (২৭)। তারা সবাই দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি এলাকার বাসিন্দা। অভিযান চলাকালে উপপরিদর্শক মো. ইকবাল হোসন ও আসিফুজ্জামানের প্রসিকিউশনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. জাকিউল আলম এবং তাহমিদ মোস্তফা হাসান। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযুক্তদের বিভিন্ন মেয়াদে দুই থেকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার ও দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

পরে দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়। অন্যদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের “ক” সার্কেলের পৃথক অভিযানে কুমারখালী উপজেলার বানিয়াপাড়া বিল্লাল মোড় এলাকায় আব্দুল গফুর (৫০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ সময় তার নিজ দখলীয় বসতবাড়ি থেকে ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় পরিদর্শক মো. আবুল কালাম আজাদ বাদী হয়ে কুমারখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মামলাটি ১১ মে ২০২৬ তারিখে রুজু করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে কঠোর অবস্থান বজায় রাখা হবে।