কুষ্টিয়ায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, দুই মামলায় জরিমানা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, দুই মামলায় জরিমানা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ১২, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া মেডিকেল কলেজের সামনে বায়ুদূষণ নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে দুইটি মামলায় মোট ১৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়। গতকাল সোমবার (১১ মে) পরিচালিত এ ভ্রাম্যমান আদালতে বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ লঙ্ঘনের দায়ে জরিমানার এ আদেশ দেওয়া হয়। পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে কুষ্টিয়া মেডিকেল কলেজ এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা অমান্যের প্রমাণ পাওয়ায় দুইটি মামলা দায়ের করা হয় এবং অভিযুক্তদের কাছ থেকে তাৎক্ষণিকভাবে ১৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে বিচারিক দায়িত্ব পালন করেন কুষ্টিয়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা আকতার। প্রধান প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়ার উপপরিচালক মো. এমদাদুল হক। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিদর্শক নাসরিন সুলতানা।

এ সময় পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় কুষ্টিয়া পুলিশ বিভাগের সদস্যরা সহযোগিতা করেন। পরে আদায়কৃত জরিমানার অর্থ ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় বায়ুদূষণ রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।