কুষ্টিয়ায় পান ব্যবসায়ীকে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় পান ব্যবসায়ীকে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ১৯, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলায় এক পানের ব্যবসায়ীকে মারধর করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী মোহাম্মদ হৃদয় আলী মন্ডল (২৮)। অভিযোগ সূত্রে জানা যায়, মিরপুর উপজেলার হাজরাহাটি বেড়পাড়া গ্রামের বাসিন্দা হৃদয় আলী মন্ডল দীর্ঘদিন ধরে পানের ব্যবসার সঙ্গে জড়িত। তিনি বিভিন্ন মোকাম থেকে পান সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করেন।

গত শুক্রবার (১৬ মে) রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে ব্যবসায়িক কাজ শেষে মোটরসাইকেলযোগে হাজরাহাটি বাজার থেকে বাড়ি ফিরছিলেন তিনি। পথিমধ্যে মিরপুর থানার পোড়াদহ ইউনিয়নের হাজরাহাটি অনাদি মোড় এলাকায় পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা কয়েকজন ব্যক্তি তার মোটরসাইকেলের গতিরোধ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগে হাজরাহাটি বেড়পাড়া এলাকার মোহাম্মদ রনি (২৭), পিতা- হালিম শেখকে প্রধান অভিযুক্ত করা হয়েছে।

পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৯ থেকে ১০ জনকে অভিযুক্ত করা হয়েছে। ভুক্তভোগীর অভিযোগ, অভিযুক্তরা জোরপূর্বক তাকে মোটরসাইকেল থেকে নামিয়ে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। একপর্যায়ে তার পকেটে থাকা পানের ব্যবসার নগদ ৫০ হাজার টাকা এবং ব্যবহৃত রিয়েলমি ১০সি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। হৃদয় আলী মন্ডল জানান, তার চিৎকার শুনে স্থানীয় কয়েকজন এগিয়ে এলে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পরে স্থানীয়দের সহায়তায় আহত অবস্থায় বাড়ি ফিরে প্রাথমিক চিকিৎসা নেন তিনি। ঘটনার পর পরিবারের সদস্যদের সঙ্গে পরামর্শ করে তিনি মিরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বলে জানা গেছে। এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।