কুষ্টিয়ায় নদে ফেলে দেয়া সেই শিশুর লাশ মিলল ঝিনাইদহে - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় নদে ফেলে দেয়া সেই শিশুর লাশ মিলল ঝিনাইদহে

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ১, ২০২৬

‎কুষ্টিয়ার হরিপুর সেতু থেকে নদে ফেলে দেয়া সেই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির নাম আব্দুল হাদি (৪ মাস)।

 

রোববার (৩১ মে) বিকেল সাড়ে ৪টার দিকে ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উলুবাড়িয়া নামক স্থানে গড়াই নদীর ধার থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

শিশুটি কুষ্টিয়া সদর উপজেলার হাতশ-হরিপুর গ্রামের আব্দুল আলিম ও যমুনা খাতুন দম্পতির ছেলে।

‎গত ২৯ মে শিশুটিকে হরিপুর সেতুর ওপর থেকে নদীতে ফেলে দেন তার মা। পরে শিশুটির মা নদীতে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা চালান।

‎স্থানীয়রা জানায়, রোববার বিকেলে নদীর পাড়ে যাওয়া কিছু মানুষ একটি শিশুর মরদেহ পড়ে থাকতে দেখে। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ গিয়ে উদ্ধার করে।

‎শৈলকুপার লাঙ্গলবাধ পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক আনিছুজ্জামান জানান, আলিম ও যমুনা দম্পতির মধ্যে পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্য সৃষ্টি হয়। এরপর যমুনা শিশু আব্দুল হাদিকে নিয়ে হরিপুর সেতুর ওপর থেকে গড়াই নদীতে ঝাঁপ দেয়। সে সময় স্থানীয়রা যমুনা খাতুনকে উদ্ধার করতে পারলেও নিখোঁজ ছিল শিশুটি।