কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা 

ঐক্যবদ্ধ বিএনপি গড়ার প্রত্যয়

 

 

বিশেষ প্রতিনিধি ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা, র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বরে জড়ো হন।

পরে বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। সকাল ১১টার দিকে বিজয় উল্লাস চত্বরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।

এতে জেলার ছয় উপজেলা থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে যোগ দেন। সমাবেশকে ঘিরে সকাল থেকেই ওই এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমি। সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা।

এছাড়া সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লবসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে বিজয় উল্লাস চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বড়বাজার রেলগেট এলাকায় গিয়ে শেষ হয়। র‌্যালিতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

শোভাযাত্রায় নেতাকর্মীদের হাতে জাতীয় পতাকা, বিএনপির দলীয় পতাকা, বিভিন্ন ব্যানার ও ফেস্টুন দেখা যায়। এ সময় তারা দলীয় বিভিন্ন স্লোগান দেন এবং প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান।

পুরো শোভাযাত্রাজুড়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস ও দলের দীর্ঘ রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানান তারা।

বক্তারা বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। দীর্ঘ ৪৮ বছরের রাজনৈতিক পথচলায় দলটি দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

আগামী দিনেও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা। তারা আরও বলেন, দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা।

বক্তারা দলের অভ্যন্তরীণ ঐক্য অটুট রেখে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান। একই সঙ্গে আগামী দিনের রাজনৈতিক কর্মসূচিতে জেলার সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সক্রিয় থাকার আহ্বান জানানো হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে কুষ্টিয়া শহরের বিভিন্ন সড়কে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। র‌্যালি ও সমাবেশ ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ছিল উৎসবের আমেজ। ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কুষ্টিয়ায় বিএনপির সাংগঠনিক উপস্থিতিরও জানান দেওয়া হয়।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর