মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের শোন্দহ গ্রামে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাতে সশস্ত্র ডাকাত দল উপজেলার শোন্দহ মাধ্যমিক বিদ্যালয়ের দপ্তরি ফজর আলী ও তার ভাই বরকত আলীর বাড়িতে হানা দিয়ে নগদ টাকা এবং স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গত দিবাগত গভীর রাতে ১০-১২ জনের একটি মুখোশধারী সশস্ত্র ডাকাত দল প্রথমে ফজর আলীর বাড়িতে প্রবেশ করে। ডাকাতরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে এবং হাত-পা বেঁধে একটি ঘরে আটকে রাখে।
এরপর তারা আলমারি ও ড্রয়ার ভেঙে নগদ টাকা এবং কয়েক ভরি স্বর্ণালংকার লুট করে। একই সময়ে ডাকাত দল ফজর আলীর ভাই বরকত আলীর বাড়িতেও তান্ডব চালায়। সেখানেও পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে সর্বস্ব লুটে নেয় তারাজনমনে আতঙ্ক সৃষ্টি করে দ্রুত এলাকা ত্যাগ করে।
ভুক্তভোগী ফজর আলী জানান, ডাকাতরা তার বাড়ি থেকে জমানো নগদ অর্থ এবং পরিবারের সদস্যদের ব্যবহারের স্বর্ণালংকার নিয়ে গেছে। দুই ভাইয়ের বাড়ি মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে উক্ত ঘটনার খবর পেয়ে গতকাল রবিবার (১৯ এপ্রিল) সকালে স্থানীয় শোন্দহ পুলিশ ক্যাম্প ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ জানায়, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং আলামত সংগ্রহ করেছি। ডাকাতদের শনাক্ত করতে এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে আমাদের অভিযান শুরু হয়েছে। খুব দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
