বিশেষ প্রতিনিধি ॥ বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে কুষ্টিয়ায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ফোর্সদের নিয়ে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল ৩টায় কুষ্টিয়া পুলিশ লাইন্সের সভাকক্ষে এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)। পুলিশ সূত্র জানায়, ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের মাঠ পর্যায়ের পরীক্ষা আগামী ২৪, ২৫ ও ২৬ এপ্রিল কুষ্টিয়া পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হবে।
নিয়োগ প্রক্রিয়াকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও মেধাভিত্তিক করার লক্ষ্যে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়। ব্রিফিংয়ে পুলিশ সুপার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশ্যে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স থেকে প্রেরিত বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরেন।
তিনি বলেন, নিয়োগ কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম বা প্রভাব বিস্তারের সুযোগ নেই এবং সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশ দেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শিকদার মো. হাসান ইমামসহ নিয়োগ কার্যক্রমে সংশ্লিষ্ট বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও ফোর্স সদস্যরা।
কর্তৃপক্ষ জানিয়েছে, যোগ্য, সৎ ও মেধাবী প্রার্থীদের বাছাই নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নিয়োগ প্রক্রিয়াকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।
