ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে মেয়াদোত্তীর্ণ ও অস্বাস্থ্যকর খাদ্যপণ্য বিক্রির দায়ে এক দোকানে অভিযান চালিয়ে পণ্য জব্দ, জরিমানা ও সাময়িকভাবে বন্ধের নির্দেশ দিয়েছে সামাজিক ও স্বেচ্ছাসেবক মূলক সংগঠন কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি)।
গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হল সংলগ্ন আকমল টি স্টলে এ অভিযান পরিচালনা করা হয়।এ সময় দোকানিকে ৫০০ টাকা জরিমানা এবং দুই দিনের জন্য দেকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। অভিযানে উপস্থিত ছিলেন সিওয়াইবি ইবি শাখার সভাপতি ত্বকী ওয়াসিফ, সহ-দপ্তর সম্পাদক তানভীর আহমেদ, সহ-সাহিত্য বিষয়ক সম্পাদক ইনসানুল ইমাম।
এছাড়াও নিরাপত্তা সেলের কর্মকর্তা জাহাঙ্গীর আলম জনিসহ সংগঠনের অন্যান্য সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। জানা যায়, শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে এ তদারকি অভিযান পরিচালনা করা হয়। এ সময় দোকানটিতে চার মাস ও দুই মাস পূর্বের মেয়াদোত্তীর্ণ বিভিন্ন পণ্য জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে ছিল চিপস, কেক, বিস্কুট এবং কোমল পানীয়। দোকানের মালিক জানান, তিনি অক্ষর জ্ঞানশূন্য হওয়ায় সঠিকভাবে পণ্যের মেয়াদ যাচাই করতে পারেননি এবং বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না।
ভবিষ্যতে এমন ভুল আর হবে না বলে তিনি আশ্বাস দেন। এ বিষয়ে সিওয়াইবি সভাপতি ত্বকী ওয়াসিফ বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে বিভিন্ন মেয়াদের মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করা হয়েছে। এছাড়া দোকান মালিকের বক্তব্যে অসঙ্গতি লক্ষ্য করা গেছে। তিনি জানান, কিছু কোমল পানীয়ের মেয়াদ প্রায় চার মাস আগে শেষ হলেও তা বিক্রির জন্য সংরক্ষণ করা হয়েছিল।
একইভাবে চিপস ও কেকের মেয়াদও প্রায় দুই মাস আগে শেষ হয়েছে। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্যার অনুপস্থিতে নিরাপত্তা সেলের কর্মকর্তার উপস্থিতিতে তাৎক্ষণিকভাবে ৫০০ টাকা জরিমানা এবং দুই দিনের জন্য দোকান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করলে পরবর্তীতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
