নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় র্যাবের মাদকবিরোধী অভিযানে ৭০ পিস টাপেন্টাডল ট্যাবলেট, একটি মোটরসাইকেল ও একটি পুরাতন বাটন মোবাইলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। র্যাব জানায়, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে প্রতিষ্ঠালগ্ন থেকেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এরই ধারাবাহিকতায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে আসছে সংস্থাটি।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল গতকাল শনিবার (১৩ জুন, ২০২৬) রাত ৮টা ১০ মিনিটে কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন ১১ নম্বর হাতিয়া আবদালপুর ইউনিয়নের দেড়িপাড়া গ্রামে একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানটি দেড়িপাড়া কবরস্থানের পূর্ব পাশে দেড়িপাড়া থেকে বৃত্তিপাড়াগামী পাকা সড়কের ওপর পরিচালিত হয়। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ৭০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পাশাপাশি একটি মোটরসাইকেল ও একটি পুরাতন বাটন মোবাইল জব্দ করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ বাপ্পারাজ (৩২)। তিনি ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার ত্রিবেনি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ত্রিবেনি গ্রামের মৃত মোয়াজ্জেম মন্ডলের ছেলে। র্যাব আরও জানায়, উদ্ধারকৃত আলামত জব্দ করে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কুষ্টিয়া জেলার ইবি থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।









