কুষ্টিয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ২৪, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ ‘জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’ উদযাপন উপলক্ষে কুষ্টিয়ায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টার সময় কুষ্টিয়া সিভিল সার্জন অফিসের বাস্তবায়নে এই কর্মসূচি পালিত হয়। “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে জনস্বাস্থ্যের মানোন্নয়নে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সকালে কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সিভিল সার্জন কার্যালয়ের মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। কুষ্টিয়া সিভিল সার্জন ডাঃ শেখ মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি এবং উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) মোঃ মিজানুর রহমান।

সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ নাসরিন আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়ার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আব্দুল মন্নান, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার, কুষ্টিয়া জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুস সালাম ও কুষ্টিয়া মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নূরে সফুরা ফেরদৌস প্রমুখ।

সভায় প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ জাতীয় পুষ্টি সপ্তাহের গুরুত্ব এবং দৈনন্দিন খাদ্যতালিকায় পুষ্টির সুষম বণ্টনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। বক্তারা বলেন, সুস্থ ও সবল জাতি গঠনে পুষ্টিকর খাবারের কোনো বিকল্প নেই। বিশেষ করে শিশু ও গর্ভবতী মায়েদের পুষ্টির বিষয়ে আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান (আইপিএইচএন), মহাখালী, ঢাকার আয়োজনে দেশব্যাপী ২৩ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত এই পুষ্টি সপ্তাহ পালিত হবে।

কুষ্টিয়ায় আয়োজিত এই কর্মসূচিতে সিভিল সার্জন অফিসের কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, এই জাতীয় কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতায় রয়েছে-বিশ্ব স্বাস্থ্য সংস্থা , ইউনিসেফ, ফাও, গেইন ও সেভ দ্য চিলড্রেন সহ অন্যান্য আন্তর্জাতিক সহযোগী সংস্থা। সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ২৩ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এর মধ্যে রয়েছে প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে পুষ্টি বিষয়ক পরামর্শ প্রদান, লিফলেট বিতরণ এবং সাধারণ মানুষকে সুষম খাদ্যাভ্যাস সম্পর্কে উদ্বুদ্ধ করা। কুষ্টিয়া সিভিল সার্জন ডাঃ শেখ মোহাম্মদ কামাল হোসেনে অনুষ্ঠান শেষে জানান, পুষ্টি সপ্তাহের এই বার্তা যেন তৃণমূল পর্যায়ের মানুষের কাছে পৌঁছায়, সেজন্য স্বাস্থ্যকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। জনস্বার্থ রক্ষায় এই ধরনের কর্মসূচি নিয়মিতভাবে পালিত হওয়া জরুরি বলে মনে করেন বিশিষ্টজনেরা।