খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২৮ই জুলাই ২০২৬, ২:৫৯ এএম

ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় পৃথক দুটি স্থানে অভিযানে প্রায় ৪৫ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় কারেন্ট জাল, ভারতীয় মাদক ও বিড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সোমবার (২৭ জুলাই) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৬ জুলাই) সকাল ১০টার দিকে ভেড়ামারা উপজেলার বহালবাড়িয়া সড়কে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫৯০ কেজি ভারতীয় কারেন্ট জাল, ২৫টি চায়না জাল এবং ২৫ কেজি জালের সুতা জব্দ করা হয়।
পরে মিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে সরকারি বিধি অনুযায়ী উদ্ধার হওয়া অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়াও একই দিন ভোর সাড়ে ৪টার দিকে ধর্মদাহ বিওপির একটি টহল দল দৌলতপুর উপজেলার ধর্মদাহ মাঠে পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫০০টি ডেক্সামেথাসন ট্যাবলেট, ৫০০টি সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ৯৮ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করে। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক মূল্য ৪৪ লাখ ৮৫ হাজার ৩৯০ টাকা বলে জানিয়েছে বিজিবি। বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান, অবৈধ পণ্য পাচার ও অন্যান্য অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য