কুমারখালী প্রতিনিধি ॥ ‘শিক্ষকদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার, পেশা সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি ও ভবিষ্যৎ গঠনে ৬০ বছর’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার কুমারখালীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ পালিত হয়েছে।
গতকাল সোমবার (৫ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে উপজেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হক।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুম মনিরা, মহিলা কলেজের অধ্যক্ষ তরিকুল ইসলাম লিপন, গণঅধিকার পরিষদের উপজেলা সভাপতি হারুনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও গণমাধ্যম কর্মীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষকদের পেশাগত মর্যাদা ও অধিকার নিশ্চিত না হলে মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়। শিক্ষকদের বৈষম্য দূর করতে সব স্তরের শিক্ষা জাতীয়করণ, ন্যায্য সুযোগ-সুবিধা নিশ্চিত, পেশাগত নিরাপত্তা ও মর্যাদা বৃদ্ধির দাবি জানান তারা।
এ সময় বক্তারা শিক্ষকদের অধিকার ও মর্যাদা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি শিক্ষাব্যবস্থার উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।









