কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে চাঁদা না দেওয়ায় শ্রমিকে ছুরিকাঘাতের অভিযোগ

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে চাঁদা না দেওয়ায় ইমরান শেখ (২৫) নামের ইটভাটা শ্রমিককে ছুরিকাঘাত করার অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের কল্যাণপুর বাজারে এ ঘটনা ঘটে। তিনি কল্যাণপুর গ্রামের আসাদুল শেখের ছেলে। বর্তমানে তিনি কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে আহত ইমরানের স্ত্রী জিনিয়া খাতুন বলেন, আমার স্বামী একটি ইটভাটার শ্রমিক ও সরদার। গত বুধবার রাতে কল্যাণপুর গ্রামের আজিজলের বখাটে ও মাদক ব্যবসায়ী ছেলে জাহিদ হোসেন (২৭) আমার স্বামীর কাছে তিন হাজার টাকা চাঁদা দাবি করেন।

চাঁদার টাকা না দেওয়ায় জাহিদ আমার স্বামীর বাম পাজরের দুইটি স্থানে ছুরিকাঘাত করে পালিয়েছেন। স্বামীকে নিয়ে হাসপাতালে আছি। সুস্থ হলে থানায় মামলা করব। স্থানীয়রা জানান, জাহিদ এলাকায় বখাটে, মাদকসেবী ও মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তিনি টাকার বিনিময়ে মানুষকে ভয়ভীতি দেখিয়ে ধার ও পাওনা টাকা তুলে দেওয়ার কাজ করে থাকেন। এ নিয়েই হয়তো ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত জাহিদ এলাকা ছেড়ে পালিয়েছেন। সেজন্য তাঁর মন্তব্য পাওয়া যায়নি। আহত শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছেন কুমারখালী থানার ওসি মো. সোলায়মান শেখ। তিনি বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। চাঁদা নয়, তবে টাকার ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Tags :

Desk Reporter

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর