খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১৫ই জুলাই ২০২৬, ২:৫৪ এএম

বিশেষ প্রতিনিধি ॥ পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কুষ্টিয়ায় আনন্দ টিভির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) সকালে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মসজিদ চত্বরে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
তিনি বলেন, একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আরও বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যম এবং সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সমন্বিতভাবে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়া উচিত। এ ধরনের উদ্যোগ নিয়মিতভাবে অব্যাহত থাকলে দেশ আরও সবুজ ও পরিবেশবান্ধব হয়ে উঠবে। অধ্যক্ষ সোহরাব উদ্দিন বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির কথাও উল্লেখ করে বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় এ ধরনের বৃহৎ কর্মসূচি সময়োপযোগী এবং পরিবেশ সংরক্ষণে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের পরিচালক ডা. আনারুল কবির। এছাড়াও উপস্থিত ছিলেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হাসান, আনন্দ টিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি নূরুন্নবী বাবু, হাসপাতালের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমকর্মীরা। উদ্বোধন শেষে হাসপাতাল চত্বরে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং হাসপাতাল প্রাঙ্গণকে আরও সবুজ ও মনোরম করে তোলার লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য