খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১৫ই জুলাই ২০২৬, ২:৫৪ এএম

দৌলতপুর প্রতিনিধি ॥ দীর্ঘদিন ধরে সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকুণ্ড ইউনিয়নের উদয়নগর গ্রামের গুরুত্বপূর্ণ সড়ক সেতুটি এখন কার্যত মরণফাঁদে পরিণত হয়েছে। ব্রিজটির বিভিন্ন স্থানে বড় ধরনের ফাটল ও ভাঙনের সৃষ্টি হওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন পারাপার করছেন স্থানীয় বাসিন্দারা। দুর্ঘটনা এড়াতে ভাঙা অংশে অস্থায়ীভাবে কাঠের তক্তা বিছিয়ে চলাচল করতে হচ্ছে, যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। স্থানীয়রা জানান, ব্রিজটি দৌলতপুর উপজেলার সঙ্গে পার্শ্ববর্তী মেহেরপুর ও গাংনী অঞ্চলের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম।
তবে ব্রিজটির বেহাল অবস্থার কারণে ভারী যানবাহন তো দূরের কথা, সাধারণ মানুষও নিরাপদে চলাচল করতে পারছেন না। ফলে অনেককে বিকল্প সড়ক ব্যবহার করে প্রায় চার কিলোমিটার অতিরিক্ত পথ ঘুরে গন্তব্যে যেতে হচ্ছে। এতে সময় ও অর্থ উভয়েরই অপচয় হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্রিজটির ঝুঁকিপূর্ণ অবস্থার কথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখন পর্যন্ত স্থায়ী সংস্কার বা পুনর্নির্মাণের কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। বর্ষা মৌসুমে ব্রিজটির অবস্থা আরও নাজুক হয়ে পড়ে,ফলে প্রতিদিনই দুর্ঘটনার আশঙ্কা নিয়ে চলাচল করতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দা আব্দুল করিম বলেন, এই ব্রিজ দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ শত শত মানুষ চলাচল করেন। ব্রিজের বিভিন্ন জায়গা ভেঙে গেছে, তাই বাধ্য হয়ে কাঠের তক্তা বিছিয়ে পার হতে হচ্ছে। আমরা সব সময় দুর্ঘটনার ভয়ে থাকি। দ্রুত ব্রিজটি সংস্কার বা নতুন করে নির্মাণ করা জরুরি। স্থানীয় বাসিন্দা রহিমা খাতুন বলেন,ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ায় মেহেরপুর ও গাংনীর দিকে সরাসরি যেতে পারছি না। প্রায় চার কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে। এতে সময় ও ভাড়া দুটোই বেশি লাগছে। অসুস্থ রোগী বা জরুরি পরিস্থিতিতে এই দুর্ভোগ আরও বেড়ে যায়।
আরেক স্থানীয় বাসিন্দা মো ইসলাম বলেন,আমরা বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছি। কিন্তু এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ দেখতে পাইনি। এই ব্রিজটি এলাকার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই দ্রুত পুনর্র্নিমাণ বা সংস্কারের কাজ শুরু করার জন্য আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। দৌলতপুর উপজেলা প্রকৌশলী আসাদ উল্লাহ বলেন, উদয়নগর ব্রিজের সংস্কার কাজের প্রস্তাব ইতোমধ্যে আমাদের সদর দপ্তরে পাঠানো হয়েছে। বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। আশা করছি, প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পর খুব শিগগিরই ব্রিজটির সংস্কার কাজ শুরু করা হবে।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য