ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মতিনুর রহমান - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মতিনুর রহমান 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ১৫, ২০২৬

ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১৫তম ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়েছেন অত্র বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। আগামী চার বছর তিনি এ দায়িত্ব পালন করবেন। এ নিয়োগের মধ্য দিয়ে তিনি ১৪তম উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর স্থলাভিষিক্ত হলেন।

গতকাল বৃহস্পতিবার (১৪ মে) রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মোহাম্মদ সাহাবুদ্দিনের আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর হবে। পদে থাকাকালীন তিনি তার বর্তমান পদের সম-পরিমাণ বেতন-ভাতা পাবেন।

তিনি বিধি অনুযায়ী ভাইস চ্যান্সেলর পদের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাও পাবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স এবং অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে এম.এ ডিগ্রি এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদের অধীনে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেছেন।

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগের আগে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রেস প্রশাসক, হল প্রভোস্ট, প্রক্টর, বিভাগীয় সভাপতি এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। বিকেল পৌনে পাঁচটার দিকে যোগাযোগ করা হলে মুঠোফোনে মতিনুর রহমান বলেন, ‘আমি এই মুহূর্তে মিনিস্ট্রিতে আছি। যোগদান করছি। পরে কথা বলব।’ রাজনৈতিক জীবনে তিনি বিএনপিপন্থী শিক্ষক হিসেবে সুপরিচিত।

তিনি বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ইউট্যাব) এর কেন্দ্রীয় সহ-সভাপতি এবং ইসলামী বিশ্ববিদ্যালয় সাদা দলের আহবায়ক হিসেবে নিয়োজিত আছেন। এছাড়া, তিনি বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের নির্বাচিত সাবেক সহ-সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক এবং ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নতুন উপাচার্য কে এই মতিনুর রহমান: অধ্যাপক মতিনুর রহমান বগুড়ার চোপিনগর এম এল উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৫ সালে এসএসসি এবং কাহালু কলেজ থেকে ১৯৮৭ সালে এইচএসসি পাস করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে ১৯৯০ সালে বিএসএস (সম্মান) ও ১৯৯১ সালে এমএসএস ডিগ্রি অর্জন করেন। এমএসএস পরীক্ষায় প্রথম শ্রেণিতে তৃতীয় স্থান লাভ করেন তিনি। পরবর্তী সময়ে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে এমএ ডিগ্রি অর্জন করেন অধ্যাপক মতিনুর রহমান।

২০০৭ সালে ‘পভার্টি অ্যালিয়েভিয়েশন অ্যান্ড ডেভেলপমেন্ট: আ স্টাডি অব এনজিও অপারেশন্স ইন বাংলাদেশ’ শীর্ষক গবেষণার মাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ১৯৯৬ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন মতিনুর রহমান। একই বছর ইসলামী বিশ্ববিদ্যালয়ের পলিটিকস অ্যান্ড পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে যোগ দেন।

পরে সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক হয়ে ২০০৮ সালে অধ্যাপক পদে উন্নীত হন। বর্তমানে তিনি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ কর্মজীবনে সহকারী প্রক্টর, প্রক্টর, হল প্রভোস্ট, বিভাগীয় সভাপতি, সেন্টার ফর সোশ্যাল স্টাডিজের পরিচালকসহ বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন অধ্যাপক মতিনুর রহমান।

তিনি সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিন, সাদা দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক, ইউট্যাবের কার্যনির্বাহী সদস্য এবং শিক্ষক সমিতির সাবেক সভাপতি। গবেষণা ও একাডেমিক অঙ্গনেও রয়েছে তার সক্রিয় উপস্থিতি। দারিদ্র্য বিমোচন, এনজিও কার্যক্রম, সুশাসন, জলবায়ু পরিবর্তন, নগর ব্যবস্থাপনা, আন্তর্জাতিক সম্পর্ক, উন্নয়ন প্রশাসন, নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা ইস্যুসহ বিভিন্ন বিষয়ে তার ৩০টির বেশি গবেষণা প্রবন্ধ দেশি-বিদেশি জার্নালে প্রকাশিত হয়েছে।

তার প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে ‘ঘএঙ ধহফ উবাবষড়ঢ়সবহঃ: গুঃয ্ জবধষরঃু’ এবং ‘চড়াবৎঃু ধহফ উবাবষড়ঢ়সবহঃ রহ ইধহমষধফবংয’। এছাড়া নেপাল, শ্রীলঙ্কা, চীন, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, সুইডেন ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেছেন তিনি। একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি জাতীয় বিভিন্ন টেলিভিশনে নিয়মিত মতামত দিয়ে থাকেন অধ্যাপক মতিনুর রহমান।