কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ইবিতে স্নাতক ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ

ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২৬-২৭ বর্ষের স্নাতক (সম্মান) প্রথম শ্রেণির ভর্তি পরীক্ষার প্রাথমিক সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ১৯ মার্চ গুচ্ছভুক্ত পরীক্ষার মাধ্যমে শুরু হয়ে ২৯ মার্চ বিশ্ববিদ্যালয়ের একক ‘ডি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে এ ভর্তি যুদ্ধ শেষ হতে পারে।

 

গতকাল সোমবার (২৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত ভর্তি কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এ প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়।

 

বিজ্ঞপ্তি অনুযায়ী, সভায় ২০২৬-২৭ বর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি, কেন্দ্র ব্যবস্থাপনা, পরীক্ষা গ্রহণের প্রস্তুতি এবং ভর্তি কার্যক্রমের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এ কে এম মতিনুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. এমতাজ হোসেন, ট্রেজারার প্রফেসর ড. ইদ্রিস আলী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. আতিকুর রহমান-সহ ভর্তি সংশ্লিষ্ট বিভিন্ন অনুষদের ডিন ও কর্মকর্তারা।

 

সভা সূত্রে জানা যায়, গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৯ থেকে ২৭ মার্চের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর ভিত্তিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের সম্ভাব্য তারিখ হিসেবে ১৯ মার্চ, ২০ মার্চ ও ২৭ মার্চকে প্রাথমিকভাবে বিবেচনায় রাখা হয়েছে। অন্যদিকে, ধর্মভিত্তিক ও বিশেষায়িত অনুষদভুক্ত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২৯ মার্চ গ্রহণের প্রাথমিক সিদ্ধান্ত হয়।

 

তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, গুচ্ছের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃপক্ষের চূড়ান্ত সিদ্ধান্ত ও সময়সূচির ওপর ভিত্তি করে এই নির্ধারিত তারিখে পরিবর্তন আসতে পারে। গুচ্ছের কেন্দ্রীয় সিদ্ধান্ত পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ ও বিস্তারিত সময়সূচি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর