ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ে নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণে দেশীয় অস্ত্র, মব কালচার এবং নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে মানববন্ধন ও পদযাত্রা করেছে জাতীয় ছাত্রশক্তি, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা। গতকাল বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সামনে থেকে এই পদযাত্রা শুরু করে ছাত্রশক্তির নেতারা। এটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডায়না চত্বরে গিয়ে শেষ হয়।
এসময় নেতাকর্মীরা শিক্ষা ঐক্য মুক্তি, ছাত্রশক্তির মূলনীতি; ভাঙবো শিকল করবো জয়, ছাত্রশক্তির প্রত্যয়; হৈ হৈ রৈ রৈ, ছাত্রলীগ গেলি কই; ছাত্রলীগের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না; হাফিজের বিরুদ্ধে, ডাইরেক্ট একশান; আরাফাতের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না; জয়ের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না; মববাজদের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না; রশি লাগলে রশি নে, হাসিনাকে ফাঁসি দে ইত্যাদি স্লোগান দেন।
ছাত্রশক্তির মুখ্য সংগঠক যায়েদ বিন ওসমান বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্পষ্ট বার্তা দিতে চাই, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের যেকোনো ধরণের অনুপ্রবেশ এবং অপতৎপরতা রুখতে প্রশাসনকে সর্বোচ্চ কঠোর ভূমিকা পালন করতে হবে। এই প্রিয় ক্যাম্পাসে ছাত্রলীগের মতো নিষিদ্ধ সংগঠনের কোনো ঠিকানা হবে না এবং তাদের কোনো ঠাঁই হতে দেওয়া হবে না। ক্যাম্পাসে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, মব কালচার বা বিশৃঙ্খলা সৃষ্টি করে শিক্ষার পরিবেশ বিনষ্ট করার অপচেষ্টা চালানো হলে ‘জাতীয় ছাত্রশক্তি, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা’ তা কখনোই নীরবে মেনে নেবে না, নীরব দর্শক হয়ে বসে থাকবে না।
ছাত্রশক্তির আহবায়ক ফুয়াদ হাসান বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ ক্যাম্পাসে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে সাধারণ শিক্ষার্থীদের ভয়ভীতি প্রদর্শন করেছে, শিক্ষার পরিবেশ বিনষ্ট করছে, ছাত্ররাজনীতিকে কলুষিত করেছে। নিষিদ্ধ ছাত্রলীগের কমিটিতে নাম আসা হাফিজ এখনো জুলাই আন্দোলনকারীদের সরাসরি হুমকি দিচ্ছে। আমরা কখনোই ক্যাম্পাসে এরকম অনিরাপদ পরিস্থিতি দেখতে চাইনা। প্রশাসনকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। যেকোন মূল্যে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস ও শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে।









