কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভেড়ামারায় আগুনে তিন ভাইয়ের পানের বরজ পুড়ে ছাই

ভেড়ামারা প্রতিনিধি ॥ রাতের আঁধারে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে এক পরিবারের তিন ভাইয়ের তিনটি পানের বরজ। চোখের সামনে জীবিকার একমাত্র সম্বল পুড়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত পানচাষিরা। 

 

প্রাথমিকভাবে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গতকাল মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর রাতে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ক্ষেমিড়দিয়া বিলপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

ক্ষতিগ্রস্ত পানচাষিরা হলেন—ওই এলাকার মরহুম কুব্বাত গাড়োয়ানের তিন ছেলে আমজাদ হোসেন, আজাদ আলী ও মাজাদ আলী।

 

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো দিনভর পানবরজে কাজ শেষে রাতে বাড়িতে ফিরে যান তিন ভাই। এরপর ভোররাতের কোনো এক সময় দুর্বৃত্তরা একযোগে তাদের তিনটি পানের বরজে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো বরজে। আগুনের লেলিহান শিখায় পুড়ে যায় পানগাছসহ বরজের সবকিছু।

 

ভোরের আলো ফোটার আগেই তিন ভাইয়ের দীর্ঘদিনের শ্রম, স্বপ্ন ও উপার্জনের একমাত্র অবলম্বন পরিণত হয় ছাইয়ের স্তূপে।

 

ক্ষতিগ্রস্ত পানচাষিরা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “পানের বরজই ছিল আমাদের পরিবারের উপার্জনের একমাত্র সম্বল। ভোররাতে দুর্বৃত্তরা আগুন দিয়ে আমাদের সর্বস্ব শেষ করে দিয়েছে। এখন কীভাবে সংসার চালাব, বুঝতে পারছি না।”

 

এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত করে আগুন দেওয়ার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

 

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পক্ষ থেকে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে। তবে এব্যাপারে ভেড়ামারা থানার বক্তব্য পাওয়া যায়নি।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর