কুষ্টিয়ায় জব্দকৃত তামাক জাত পণ্য ধ্বংস - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় জব্দকৃত তামাক জাত পণ্য ধ্বংস 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ২৯, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে জব্দ করা সাড়ে ৩ কোটি পিস অবৈধ বিড়ি-সিগারেটসহ বিপুল পরিমাণ জর্দা ও গুল ধ্বংস করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ। গতকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে শহরের জুগিয়া এলাকার ময়লার ভাগাড়ে এসব তামাকজাত পণ্য আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ধ্বংস করা পণ্যের মধ্যে ছিল ৩ কোটি ৫৯ লাখ ৯৪ হাজার ৯৪৭ পিস অবৈধ সিগারেট।

এছাড়া বিভিন্ন ব্র্যান্ডের জর্দা ও গুলও ছিল, যেগুলো আইন লঙ্ঘন করে বাজারজাত করা হচ্ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের কর্মকর্তারা জানান, রাজস্ব ফাঁকি রোধ, অবৈধ তামাকপণ্যের বিস্তার ঠেকানো এবং জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানে জব্দ করা পণ্য আইনি প্রক্রিয়া শেষে ধ্বংস করা হয়। তারা আরও জানান, অবৈধ তামাকপণ্য বাজারে সহজলভ্য হলে একদিকে যেমন সরকার বিপুল রাজস্ব হারায়, অন্যদিকে অনিয়ন্ত্রিত ও নিম্নমানের এসব পণ্যের কারণে জনস্বাস্থ্য ঝুঁকির মুখে পড়ে। তাই এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তামাকজাত পণ্য ধ্বংস কার্যক্রমে উপস্থিত ছিলেন তামাকজাত পণ্য ধ্বংস কমিটির আহ্বায়ক এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট যশোরের যুগ্ম কমিশনার মোহাম্মদ মারুফুর রহমান। এছাড়া কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকারসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্থানীয়রা জানান, এত বড় পরিমাণ অবৈধ সিগারেট ও তামাকপণ্য ধ্বংসের ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের কার্যক্রম অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা হিসেবে কাজ করবে।