বিশেষ প্রতিনিধি ॥ পবিত্র রমজান উপলক্ষে কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২ মার্চ) বিকেলে কুষ্টিয়া শহরের দিশা টাওয়ারের মিলনায়তনে আয়োজিত এ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জামায়াতে ইসলামী কুষ্টিয়া-যশোর অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মুহসিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির আব্দুল গফুর।
বিশেষ অতিথি ছিলেন, কুষ্টিয়া-৩ সদর আসনের এমপি আমির হামজা, কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের এমপি আফজাল হোসেন। এতে সার্বিক সঞ্চালনা করেন জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দার। এছাড়া জামায়াতে ইসলামী দলীয় অঙ্গ সহযোগী নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, সমাজে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা, দুর্নীতি ও বৈষম্য দূরীকরণ এবং ইসলামী আদর্শভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ইফতার পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
