কুষ্টিয়ায় জেলা কোর কমিটির সভা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় জেলা কোর কমিটির সভা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ২, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ আগামী ২ মার্চ লালন সাঁইয়ের আখড়াবাড়িতে দোল উৎসব উদযাপনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কুষ্টিয়ায় জেলা কোর কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (১ মার্চ) কুমারখালী থানাধীন ছেঁউড়িয়ায় অবস্থিত লালন একাডেমির সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)। সভায় দোল উৎসব উপলক্ষে সার্বিক প্রস্তুতি, আগত ভক্ত-অনুরাগীদের নিরাপত্তা, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, ভিড় ব্যবস্থাপনা, ট্রাফিক পরিকল্পনা এবং সার্বক্ষণিক নজরদারিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, উৎসবকে কেন্দ্র করে দেশ-বিদেশ থেকে অসংখ্য দর্শনার্থীর সমাগম ঘটবে। তাই নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও জেলা পুলিশের সমন্বয়ে বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সভা শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার ছেঁউড়িয়ায় লালন একাডেমি চত্বরে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। তারা জানান, উৎসবকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। গোয়েন্দা নজরদারি জোরদার, অতিরিক্ত পুলিশ মোতায়েন, ট্রাফিক ব্যবস্থাপনা শক্তিশালীকরণ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত থাকবে। এ সময় জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, দোল উৎসব উদযাপন কমিটির দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, প্রতি বছর ছেঁউড়িয়ার আখড়াবাড়িতে বাউল সম্রাট লালন শাহের স্মরণে আয়োজিত দোল উৎসবে হাজারো ভক্ত-অনুরাগী ও বাউলশিল্পীর মিলনমেলা ঘটে।