ভাঙচুর-লুটপাট কোনভাবে গ্রহণযোগ্য নয়: প্রকৌশলী জাকির সরকার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভাঙচুর-লুটপাট কোনভাবে গ্রহণযোগ্য নয়: প্রকৌশলী জাকির সরকার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ২৪, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া শহরের চর কুঠিপাড়ায় মাদক বিরোধী ঘোষণাকে ঘিরে পাল্টাপাল্টি হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত রোববার রাত সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে। গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী  ও জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। এসময় তিনি বলেন, স্থানীয় লোকজন আমাদের কাছে অভিযোগ করেছে এখানে মাদক বিক্রি হয়। এই মাদকটা নির্মল করা উচিত। কিন্তু যেভাবে ভাঙচুর, হামলা করা হয়েছে এটা সঠিক পথ বলে আমার কাছে মনে হয় না।

মাদক বিক্রি হলে সেটার আইন-আদালত আছে, পুলিশ-প্রশাসন আছে তারা ব্যবস্তা নিবে। কিন্তু মানুষজন এরকম ঘর বাড়িতে আক্রমণ, ভাঙচুর লুটপাট করে এটা কোনভাবে গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেন, আমি কয়েকটা বাড়িতে গিয়েছি, সেখানে দেখেছি তারা অভিযোগ করছে তার মাদকের সাথে মটেও সংযুক্ত না। তাদের বাড়িতে হামলা করা হয়েছে, লুটপাট করা হয়েছে। তাদের ঘরে আলমারিতে বেশ টাকা-পয়সা ছিল। সেখান থেকে লুট করা হয়েছে। এটা আমার কাছে মনে হচ্ছে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য এটি করা হয়েছে। এটি মটেও মাদক বিরোধী অভিযান বলে আমার কাছে মনে হয় না। জাকির হোসেন সরকার বলেন, আর মাদক বিরোধী অভিযান যদি হয় সেটি প্রশাসন করে। আমরা প্রশাসনকে সহযোগিতা করবো। আমরা এ এলাকার মানুষ কেউই চায় না এখানে মাদক বিক্রি হোক। মাদক নির্মূল করা হয় সেটি সবাই চাই।

কিন্তু এইভাবে যদি আক্রমণ করা হয়, বিশৃঙ্খলা সৃষ্টি করা হয় তাহলে সামাজিক অশান্তি বাড়বে। এখান থেকে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তিনি আরও বলেন, আমি বিএনপির সদস্য সচিব বিএনপির কোনো লোক এ ধরনের বিশৃঙ্খলা করতে পারে বলে আমার মনে হয় না। এখানে যারা করেছে তারা একটা উদ্দেশ্য প্রমাণিত হবে, একটু চিহ্নিত গোষ্ঠী তারা করেছে। আপনারা খোঁজখবর নিলে আপনারা পাবেন। কারা মাইকে অ্যানাউন্স করেছে এবং তাদের সাথে কারা কারা ছিল এটা এলাকার লোক সবাই দেখেছে। বিএনপির এই নেতা আরও বলেন, বিএনপি এ ধরনের বিশৃঙ্খলা কখনো বিশ্বাস করে না। বিএনপি সব সময় আইনের পথ অবলম্বন করে, আইন কখনো বিএনপির লোকজন বা নেতাকর্মীরা হাতে তুলে নিবে না। এ ধরনের আইন হাতে তোলা কে নিন্দা জানাচ্ছে এবং সাধারণ মানুষ যারা আছে সবাই নিন্দা জানাচ্ছে।

যারা মাদকের সাথে সম্পৃক্ততা নেই তাদের বাড়িতে কেন ভাঙচুর, লুটপাট করা হলো। এটার জবাব আমরা প্রশাসনের কাছে চাই। এলাকার মানুষের পক্ষে আমরা সুষ্ঠু তদন্ত করে যারা অপরাধী তাদের আইনের আওতায় এনে সঠিক বিচার করা হোক। এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফুয়াদ রেজা ফাহিম,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল হাকিম মাসুদ, জেলা যুবদলের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, পৌর ৩ নং ওয়ার্ড কাউন্সিলর ওসমান গণি, ৩ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আসলাম উদ্দিন প্রমুখ।