বিশেষ প্রতিনিধি ॥ ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কুষ্টিয়ায় কর্মবিরতি, বিক্ষোভ ও সমাবেশ করেছেন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মচারীরা। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ‘বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ’-এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে সরকারি কর্মচারীরা নির্দিষ্ট সময়ের জন্য কর্মবিরতি পালন করেন এবং পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বিক্ষোভ সমাবেশে মিলিত হন। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। সমাবেশে সংগঠনের সভাপতি সরাফত হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন রিংকু,
সহ-সভাপতি কবির হোসেন ও সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক। বক্তারা বলেন, বর্তমান বাজার পরিস্থিতিতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সরকারি কর্মচারীদের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। সীমিত বেতনে পরিবার পরিচালনা করা দিন দিন কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম সারির কর্মচারীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে ৯ম জাতীয় পে-স্কেল ঘোষণার দাবি জানিয়ে আসলেও সরকার এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। ফলে কর্মচারীদের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে। সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে ৯ম পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের জোর দাবি জানান। একই সঙ্গে দাবি আদায়ে সরকার দ্রুত পদক্ষেপ না নিলে আগামীতে অফিস-আদালত বর্জনসহ আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
