ধানের শীষকে বিজয়ী করে জনগণ প্রমাণ করবে তারা গণতন্ত্রের পক্ষে: প্রকৌশলী জাকির সরকার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ধানের শীষকে বিজয়ী করে জনগণ প্রমাণ করবে তারা গণতন্ত্রের পক্ষে: প্রকৌশলী জাকির সরকার 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ২৬, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া শহরের ত্রিমোনী এলাকায় ধানের শীষের পক্ষে ব্যাপক প্রচার প্রচারনা করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এতে কুষ্টিয়া-৩ সদর আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার অংশ গ্রহণ করেন। গতকাল রবিবার (২৫ জানুয়ারি) রাত ৮ টার দিকে পৌর ১৩ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে পথসভা করেন ধানের শীষের এই প্রার্থী। সেখানে একটি নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করেন তিনি। পরে ত্রিমোনী এলাকার ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের হাতে ধানের শীষের লিফলেট তুলে দেন। আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান। অনুষ্ঠানে পৌর ১৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাসানুজ্জামান হাসান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ এর সার্বিক সঞ্চালনায় নির্বাচনী অফিস উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে রাখেন ধানের শীষের প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য আব্দুল মঈদ বাবুল, জেলা কৃষক দলের আহবায়ক আরিফুর রহমান সুমন, পৌর যুবদলের সদস্য সচিব জিল্লুর রহমান জনি, জেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জামিরুল ইসলাম জামিরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী। এ সময় প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, আমি আপনাদেরই সন্তান, আপনাদের ভাই। বিশেষ কোন ব্যক্তি হিসেবে আসি নাই। বিগত ২০১৪ সালে উপজেলা নির্বাচনে আপনারা আমাকে সর্বচ্চ ভোটের মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত করে, সেবা করার সুযোগ করে দিয়েছিলেন। স্বৈরাচারী আওয়ামী সরকারের নির্যাতনের মধ্যে দিয়েও যতটুকু পেরেছি আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রামের প্রতিফলন হিসেবে একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এবারের নির্বাচনে দল থেকে আমাকে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক দিয়ে পাঠিয়েছেন। কুষ্টিয়ার উন্নয়নের জন্য ধানের শীষের বিকল্প নেই। আগামী নির্বাচনে আমি তথা ধানের শীষ বিজয় হলে আপনাদের সকল সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, ভোটারদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং কুুুষ্টিয়া-৩ সদর আসনে ধানের শীষের বিজয় হবে ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, দেশে যতবারই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছে ততবারই বিএনপি রাষ্ট্র পরিচালনা করেছে। এবারের নির্বাচনেও জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনা করবে ইনশাআল্লাহ। আর এই আসনটিতে ধানের শীষের বিজয় হলে কুষ্টিয়া হবে আধুনিক রোল মডেল জেলা। প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, ধানের শীষ মানেই স্বাধীনতা, ধানের শীষ মানেই গণতন্ত্র, ধানের শীষ মানেই মানুষের ভোটের অধিকার। দীর্ঘদিন ধরে দেশের মানুষ কথা বলার অধিকার, ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত। আজ সেই অধিকার ফিরিয়ে আনার লড়াইয়ে আমরা আপনাদের সামনে এসেছি।

আপনাদের মূল্যবান ভোটে ধানের শীষ বিজয়ী হলে, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর সুশৃঙ্খল বাংলাদেশ গড়ে উঠবে। তিনি বলেন, আমি আপনাদের কাছে আহ্বান জানাই, ভয় নয়, লোভ নয়, সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ান। আপনার মূল্যবান ভোট দিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিন। প্রতিবেশী, আত্মীয়স্বজন, বন্ধুদের ভোটকেন্দ্রে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করুন। চলুন, আমরা ঐক্যবদ্ধভাবে প্রমাণ করি, কুষ্টিয়া কখনো অন্যায়ের কাছে মাথা নত করে না। কুষ্টিয়া গণতন্ত্রের পক্ষে, জনগণের পক্ষে। আপনারা দেখেছেন বিএনপি তথা আমরা গনতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন সংগ্রাম করেছি। আমি বিশ্বাস করি ধানের শীষকে বিজয়ী করে কুষ্টিয়ার জনগন প্রমান করবে তারা গণতন্ত্রের পক্ষে। এদিকে অন্যান্য বক্তারা বলেন, আমাদের ধানের শীষের প্রার্থী জাকির হোসেন সরকার একজন সৎ, যোগ্য ও মানুষের দুঃখ-কষ্ট বোঝেন। তিনি নির্বাচিত হলে কুষ্টিয়ার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, কৃষকের ন্যায্যমূল্য, যুব সমাজের ভবিষ্যৎ এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করবেন ইনশাআল্লাহ।