কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে হবে: ডিসি

বিশেষ প্রতিনিধি ॥ প্রতি বছরের মতো এবারও কুষ্টিয়ায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌহিদ বিন-হাসান। আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. তৌহিদ বিন-হাসান।

সভায় জেলা প্রশাসক বলেন, দুর্গাপূজা ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলার প্রতিটি পূজামণ্ডপে সার্বিক নিরাপত্তা জোরদার, আলোকসজ্জা, সিসিটিভি ক্যামেরা স্থাপন, ট্রাফিক ব্যবস্থাপনা এবং জরুরি সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, পূজা উৎসবের গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং বিষয়গুলোর একটি প্রতিমা বিসর্জন। এ কার্যক্রম শান্তিপূর্ণ ও নিরাপদভাবে সম্পন্ন করতে পূজা উদযাপন কমিটি ও জেলা প্রশাসনের সমন্বয়ে একটি বিশেষ কমিটি গঠন করা হবে। পূজাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার ও উসকানিমূলক তথ্য ছড়িয়ে পড়া রোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান জেলা প্রশাসক। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে দ্রুত জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানান তিনি।

জেলা প্রশাসক আরও বলেন, জেলার পূজামণ্ডপগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে পল্লী বিদ্যুৎসহ সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে পরিবেশ অধিদপ্তর ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। সভায় বিশেষ অতিথির বক্তব্যে কুষ্টিয়ার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, শারদীয় দুর্গোৎসব ঘিরে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা, সন্দেহজনক কর্মকাণ্ড কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দিলে বিলম্ব না করে তাৎক্ষণিকভাবে জেলা পুলিশকে অবহিত করতে হবে। জনগণের সহযোগিতা ও সচেতনতাই একটি নিরাপদ ও শান্তিপূর্ণ দুর্গাপূজা উদযাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে সবাই মিলে শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণভাবে উদযাপন করতে হবে। এ ক্ষেত্রে কুষ্টিয়া জেলা পুলিশ সর্বাত্মক সহযোগিতা নিয়ে জনগণের পাশে থাকবে। সভায় জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, কুষ্টিয়ায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হওয়ার ক্ষেত্রে বিএনপির নেতাকর্মীরা সর্বাত্মক সহযোগিতা করবে। পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপনের ওপর গুরুত্ব দেন তিনি।

সভায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) আহমেদ মাহবুব-উল-ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকির হোসেন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা এনামুল হকসহ একাধিক হিন্দু ধর্মীয় সংগঠনের জেলা, উপজেলা ও পৌর নেতৃবৃন্দ বক্তব্য দেন। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হারুন অর রশিদ, কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার, কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী ইসমাত কামাল, জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এমদাদুল হক, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক হ্যাপি সাহা, বিজিবির কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পূজা উদযাপন কমিটির প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় দুর্গাপূজা ঘিরে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা, বিদ্যুৎ সরবরাহ, পরিবেশ সুরক্ষা, মাদক নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা এবং প্রতিমা বিসর্জনসহ বিভিন্ন বিষয়ে প্রস্তুতি ও করণীয় নিয়ে আলোচনা করা হয়। পূজা উদযাপন ফ্রন্ট কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব ডা. পি.কে. সাহা জানান, এবার কুষ্টিয়া জেলায় মোট ২৫৮টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে কুষ্টিয়া সদর উপজেলায় ৭৯টি, ভেড়ামারায় ১১টি, মিরপুরে ৩১টি, কুমারখালীতে ৬০টি, খোকসায় ৬১টি এবং দৌলতপুরে ১৫টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর