বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী সম্পন্ন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী সম্পন্ন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ২৩, ২০২৬

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২২জানুয়ারি) সকালে অত্র প্রতিষ্ঠানের খেলার মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে এ পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র প্রতিষ্ঠানের সহ-সভাপতি ও ৪৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি, এসইউপি, পিএসসি, জি। বিশেষ অতিথি ছিলেন, কুষ্টিয়া সেক্টরের জিএসও-২ মেজর আসরারুল হক, ৪৭ বিজিবি’র এডি জাকিরুল হক, কুষ্টিয়া সেক্টরের এডি শামীম রেজা, বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজে অধ্যক্ষ আবুল কালাম আজাদ, মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী, সাবেক সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস, সীমান্ত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুঠিস্বর পাল প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লে. কর্নেল রাশেদ কামাল রনি বলেন, “শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। শৃঙ্খলা এবং প্রতিযোগিতামূলক মনোভাব একজন শিক্ষার্থীকে ভবিষ্যতে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ সবসময় মানসম্মত শিক্ষার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমকে গুরুত্ব দিয়ে আসছে।” বক্তব্য শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। দিনব্যাপী এই অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক (আইসিটি) সাইফুল ইসলাম সুজন।