বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজার বিরুদ্ধে কুষ্টিয়ায় ঝাড়ু মিছিল করেছেন একদল নারী। সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র প্রয়াত আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে বক্তব্য দেওয়ার প্রতিবাদে গতকাল রোববার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ মিছিল বের করা হয়।সদর উপজেলার বটতৈল মোড় থেকে মিছিলটি বের হয়ে চৌড়হাস বিমান চত্বরে গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা ‘আমির হামজার দুই গালে জুতা মারো তালে তালে’সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।
মিছিলে শতাধিক নারী অংশ নিলেও এর সামনে কোনো ব্যানার বা ফেস্টুন দেখা যায়নি। এ সময় কয়েকজন নারী বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে কটূক্তি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা অভিযোগ করেন, আমির হামজা অতীতেও বিভিন্ন সময় বিতর্কিত ও উসকানিমূলক বক্তব্য দিয়ে আসছেন।এর আগে গত শুক্রবার (১৬ জানুয়ারি) কোকোকে নিয়ে আমির হামজার একটি কুরুচিপূর্ণ মন্তব্যের পুরনো ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। শনিবার (১৭ জানুয়ারি) সকালে মুফতি আমির হামজা তার নিজস্ব ভেরিফাইড ফেসবুক পেজে একটি ভিডিও বার্তা দিয়ে দুঃখ প্রকাশ করেন।
এসময় তিনি বলেন, নির্বাচন সামনে রেখে এই বক্তব্য ছড়িয়ে দেওয়ার মাধ্যমে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। এটি তার ভুল ছিল। এ কারণে আগেই তিনি এ ব্যাপারে ক্ষমা প্রার্থনা করেছেন। তিনি আরও বলেন, ওই সময়ই তারপরের দিন এটা আমি এটা সংশোধন করে নিয়েছি। ভুল স্বীকার করে। ভুল হলেই মানুষ স্বীকার করবে এটার মধ্যে কোন লজ্জা নেই অপমান নেই। ভুল হলে আমি স্বীকার করি। মানুষতো ভুলের উর্ধ্বে নয়। কোকোকে নিয়ে দেওয়া বক্তব্যের জন্য তিনি পুনরায় দুঃখ প্রকাশ করেন। অন্যদিকে এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শুক্রবার রাতেই কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে জেলা বিএনপি।এছাড়াও শনিবার শহরের থানা মোড়ে তৌহিদী জনতার ব্যানারে মানববন্ধন করা হয়।
