কুষ্টিয়ায় নির্বাচনী পোস্টার ছেড়াকে কেন্দ্র করে হামলার অভিযোগ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় নির্বাচনী পোস্টার ছেড়াকে কেন্দ্র করে হামলার অভিযোগ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ১১, ২০২৫

বিশেষ প্রতিনিধি ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়ার বিভিন্ন স্থানে প্রার্থীরা ব্যানার, ফেস্টুন লাগিয়ে প্রচারনা করছে। এদিকে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নে বিএনপি ও জামায়াতে ইসলামী দলের প্রার্থীর নির্বাচনী পোস্টার ছেঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে গতকাল বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে বটতৈল ইউনিয়ন বিএনপির উদ্যোগে ভাদালিয়া পাড়ায় এক জরুরি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় সভাপতিত্ব করেন বটতৈল ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী শাহজাহান আলী হান্নান মেম্বর ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক হাজী আনিচুর রহমান আনিচ। এসময় ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয়রা অংশ নেয়।

তথ্য সূত্রে জানা যায়, ইউনিয়নে স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন পোস্টধারী নেতার বিরুদ্ধে বিএনপি নেতা–কর্মীদের ওপর অতর্কিত হামলা চালানোর অভিযোগ উঠেছে। রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি ঘটনাটিকে ঘিরে এলাকায় বিরাজ করছে তীব্র ক্ষোভ ও শঙ্কা। স্থানীয়রা অভিযোগ করে বলেন, হামলার পর ঘটনাটি ধামাচাপা দিতে ‘জামায়াতের পোস্টার পড়ানো’ এবং ‘দলবদলের নাটক’ সাজিয়ে একটি ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়, যাতে হামলার বিষয়টি আড়াল করে অন্যদিকে জনমত ঘুরিয়ে দেওয়া সম্ভব হয়। এ বিষয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান আলী ও সাধারণ সম্পাদক আনিচ বলেন, গত ০৯ ডিসেম্বর রাতে বিএনপি নেতাদের উপর হামলা করে। পরে আহতদের কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তারা বলেন, বিএনপির কোনো নেতা–কর্মী জায়ামাত ইসলামীতে যোগ দেয়নি, বরং আওয়ামী লীগের কিছু পোস্টধারী নেতা নিজেদেরকে বিএনপির কর্মী হিসেবে পরিচয় দিয়ে নাটকীয়ভাবে ভিডিও বানান এবং তা ভাইরাল করেন। তারা অভিযোগ করেন, ভিডিওটি পরিকল্পিতভাবে সাজানো হয়েছিল, যাতে প্রকৃত হামলাকারীদের দায় অন্য কারো ওপর চাপিয়ে দেওয়া যায়। তাদের দাবি, এটি ছিল সুপরিকল্পিত রাজনৈতিক অপপ্রচার, যার উদ্দেশ্য ছিল হামলার সত্যতা আড়াল করা। ওই ভিডিও করার প্রতিবাদ জানালে হামলা করে আওয়ামী দোসররা। এদিকে অতর্কিত সেই হামলায় আহত কয়েকজন বর্তমানে গুরুতর অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পরিবারগুলোর অভিযোগ, হামলাকারীরা পূর্বপরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে অস্ত্র-লাঠিসোটা নিয়ে আক্রমণ চালায় এবং আহতদের ওপর বেধড়ক মারধর করে।

আহতদের পরিবারের সদস্যরা জানান, হামলাকারীরা রাজনৈতিক পরিচয়ের দাপট দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করছে, ফলে সাধারণ মানুষও আতঙ্কে দিন কাটাচ্ছে। স্থানীয়রা জানান, বটতৈল এলাকায় দীর্ঘদিন ধরেই রাজনৈতিক উত্তেজনা চলছিল। সম্প্রতি বিভিন্ন কর্মসূচি ঘিরে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মাঝে মৌখিক বিরোধ বাড়তে থাকে। তারই ধারাবাহিকতায় হঠাৎ এই হামলার ঘটনা ঘটেছে বলে তাদের ধারণা। অনেকেই মনে করছেন, নির্বাচনী সময় ঘনিয়ে আসায় এলাকায় আধিপত্য বিস্তার ও রাজনৈতিক শক্তি প্রদর্শনের জন্যই আওয়ামী দোসররা হামলা করছে।

বিএনপি ও জামায়াতের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করতে আওয়ামী দোসররা রাতের অন্ধকারে প্রার্থীদের পোস্টার ছিড়ে ফেলছে। প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করেন, রাতের আঁধারে দুর্বৃত্তরা বিএনপি সমর্থিত ও জামায়াতের প্রার্থীর প্রচারণামূলক পোস্টার ও ব্যানার ছিঁড়ে নষ্ট করে দিয়েছে। তাঁরা আরও বলেন, নির্বাচনকে ঘিরে পরিবেশ অস্থিতিশীল করার উদ্দেশ্যেই এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাই। এ বিষয়য়ে কুষ্টিয়া মডেল থানার দায়িত্বে থাকা ইনচার্জ (তদন্ত ওসি) আব্দুল আজিজ বলেন, ঘটনার বিষয়ে আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। সেখানে পুলিশ পাঠিয়েছিলাম, বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।