কুষ্টিয়া প্রতিনিধি \\ কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে জমিজমা সংক্রান্ত বিষয়ে শুনানী শেষে বাড়ি ফেরার পথে সবুজ আহম্মেদ (৪৫) নামের একজনকে প্রান নাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী সবুজ কুষ্টিয়া শহরের কালিশংকরপুর এলাকার মোহাম্মদ নজুরুল ইসলামের ছেলে। এবিষয়ে ভুক্তভোগী সবুজ কুষ্টিয়া মডেল থানায় একটি লিখিত সাধারন ডায়েরী (জিডি) দায়ের করেছেন। যার জিডি নং – ৩৭৫, তারিখ – ০৫/০৩/২০২৪ ইং। অভিযোগ উঠেছে কুষ্টিয়া শহরের কালিশংকরপুর জেহের বিশ্বাস লেন এলাকার খাইরুল ইসলামের দুই ছেলে রাসিপ (২১) ও মোঃ রায়হান (২৪), শামীম হোসেনের ছেলে মোঃ শাকিব (২৫) এবং সেলিম রেজার ছেলে মোঃ সিয়াম (২৩) এই হুমকি প্রদান করেছেন। জিডি সুত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত অভিযোগকারীদের সাথে জায়গা জমি নিয়ে সবুজের বিরোধ চলে আসছে। গত ০৫/০৩/২০২৪ ইং তারিখ সকাল অনুমান ১১ টার সময় জেলা প্রশাসক কার্যালয়ে শুনানির দিন ধার্য ছিল। সেই মোতাবেক সবুজ শুনানিতে উপস্থিত হয়। শুনানি শেষ করে সবুজ বাড়ী ফেরার পথে একই তারিখ বেলা অনুমান সাড়ে ১২ টার সময় কুষ্টিয়া মডেল থানাধীন জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গেলে সবুজের উপর অতর্কিতভাবে হামলা করে। এ সময় প্রধান অভিযুক্ত রাসিপ অজ্ঞাতনামা কাউকে ফোন করে বলে, সালারে পাইছি, আপনি বললে তাকে আজ এখানেই খুন করে ফেলবো। এ কথা বলার সাথে সাথে সব অভিযুক্তকারীরা সবুজকে মারার জন্য তেড়ে এসে এলোপাথাড়ীভাবে কিল, ঘুষি লাথি মারে। পরে সবুজের আত্মচিৎকারে আশেপাশের লোকজন আগাইয়া আসলে তারা প্রাণ নাশের ভয়ভীতি দেখিয়ে চলে যায়। বর্তমানে ভুক্তভোগী সবুজ নিরাপত্তাহীনতায় ভুগছে, যেকোন সময় অভিযুক্তকারীরা তার বড় ধরনের ক্ষতি করতে পারে বলে জানিয়েছেন তিনি ।
